দেবজিৎ মুখার্জি: নামিবিয়া ম্যাচে নামার আগে চিন্তামুক্ত হলো টিম ইন্ডিয়া। হাসপাতাল থেকে ছাড়া পেলেন দলের তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মা। যদিও এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে তিনি নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন কিনা।
জানা গিয়েছে, অভিষেক শর্মার স্টম্যাকে ইনফেকশন হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন তিনি। তবে এরপর পরিস্থিতি আরো খারাপ হয়। জ্বরের জন্য টেম্পারেচার হাই হয়ে গেছিল। তবে আরামের জন্য তড়িঘড়ি ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও সেরে ওঠেনি। দলের সঙ্গে প্র্যাকটিসও করতে পারেননি। গৌতম গম্ভীরের তরফ থেকে যে ডিনারের আয়োজন করা হয়েছিল রাজধানীতে, সেখানেও কিছুক্ষণ পর বেরিয়ে যান অভিষেক।
মঙ্গলবার তরুণ তারকাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে ২৪ ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয় তাঁকে। বৃহস্পতিবারে নামিবিয়া ম্যাচের আগে দলের অন্যতম তরুণ তারকা তিলক বার্মা সাংবাদিকদের এই বিষয়ে জানান। কী বলেছেন তিনি? তাঁর বক্তব্য, “দিল্লি পৌঁছানোর পর অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু পরীক্ষানিরীক্ষার জন্য। তবে ওকে ছেড়ে দেওয়া হয়েছে আজ। বেশ ভালই আছে। একটা পুরো দিন রয়েছে ম্যাচের আগে। সবকিছু দেখে নেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক খেলবে কিনা। প্রসঙ্গত, আমেরিকার বিরুদ্ধে খাতা খুলতে পারেননি অভিষেক। প্রথম বলেই আউট হয়ে ফিরে যান প্যাভেলিয়ানে।
উল্লেখ্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে তারা পরাজিত করেছে আমেরিকাকে ২৯ রানে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬১ রান। সর্বোচ্চ ৮৪ রান করেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এছাড়া কেউ কেমন দাগ কাটতে সফল হননি। আমেরিকার বোলারদের মধ্যে শাকুইক পান চারটি, হার্মিত দুটি এবং আলি ও মহসিন একটি করে উইকেট।
জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে আমেরিকা ৮ উইকেট হারিয়ে করে ১৩২ রান। তবে দলের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান মহাম্মদ সিরাজ। এছাড়া দুটি করে উইকেট পান আর্শদিপ সিং ও অক্ষর প্যাটেল। বরুন চক্রবর্তী পান একটি উইকেট। ম্যাচের সেরা ঘোষণা করা হয় সূর্যকুমার যাদবকে।



By














