দেবজিৎ মুখার্জি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি দাবি করেন যে ‘ঘোর পাপ’ হয়েছে, তবে বিষয়টি জনসম্মুখে আসতেই সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে পদক্ষেপ। পাশাপাশি তিনি এটাও মনে করিয়ে দেন যে সরকারের দায়িত্ব যুবসমাজের ভবিষ্যত সুরক্ষিত করা এবং রাজনীতি করা উচিত নয় এই ইস্যুটি নিয়ে।
বর্তমানে জাতীয় রাজনীতি নানা ইস্যুতে উত্তপ্ত, যার মধ্যে অন্যতম নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। খবর জানাজানি হতেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকে। লাগাতার কটাক্ষ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। যদিও তারাও ধারাবাহিকভাবে পাল্টা দিয়ে যাচ্ছে। তার উপর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সোনম ওয়াংচুকের অনশনে বসা এবং ককরোচ জনতা পার্টির বিক্ষোভ আরো স্পর্শকাতর করে তোলে বিষয়টিকে।
বিরোধীদের তরফ থেকে নানা সময় প্রশ্ন উঠতে শুরু করেছিল, কেন এই ভয়ংকর কেলেঙ্কারি নিয়ে নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে ঘটনার দুই মাস পর নিজের অবস্থান প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার এনডিএর সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী সাফ জানান যে বড় অন্যায় হয়েছে, কিন্তু সরকারও তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে। মন্ত্রী কিরেন রিজিজুও নিজের বক্তব্য তুলে ধরেন এই প্রসঙ্গে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “প্রশ্ন ফাঁসটা ঘোর পাপ হয়েছে। তবে এই ঘটনা সামনে আসতেই সরকার পদক্ষেপ করেছে। সরকারের দায়িত্ব যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করাটা।” এর সঙ্গে তিনি মনে করিয়ে দেন, “রাজনীতি করা উচিত নয় এই ইস্যু নিয়ে।” সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, “নতুন করে পরীক্ষা নিট পরীক্ষার্থীদের কথা ভেবেই নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী, সেটাই করা হচ্ছে।”



By










