দেবজিৎ মুখার্জি: শক্তিবৃদ্ধি ‘আরশোলা’দের। এবার তাঁদের আন্দোলনকে সমর্থন জানাতে যন্তর মন্তরে এলেন শিবসেনা (ইউবিটি) প্রধান, তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উদ্ভব ঠাকরে। মঞ্চ থেকে তিনি মোদি সরকারকে একহাত নেওয়ার পাশাপাশি আন্দোলনকারীদের বার্তাও দেন। তাঁর মতে, একজন ব্যক্তিকে সরালে কাজ হবে না, বরং গোটা সরকারটাকেই সরাতে হবে। শুধু তাই নয়, তিনি এই দাবিও করেন যে এই প্রতিবাদের আগুন নিভতে দেওয়া উচিত না।
মঙ্গলবার রাজধানীতে নেমে বিমানবন্দর থেকে উদ্ভব ঠাকরে সোজা চলে যান যন্তর মন্তরে। তাঁকে সঙ্গ দেন দলের সাংসদ সঞ্জয় রাউত, অরবিন্দ সাওয়ান্ত এবং অনিল দেসাই। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পাশাপাশি আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন তিনি। মঞ্চ থেকে আন্দোলনকে সমর্থন জানিয়ে একাধিক বার্তা দেন উদ্ভব ঠাকরে এবং ছাত্রদের সতর্ক করেন, যেন প্রতিবাদের এই আগুন নিভে না যায়।
উদ্ভব ঠাকরে বলেন, “নির্বাচনের এখনও দুই বছর বাকি, তাই আপনাদের হাতে যথেষ্ট সময় আছে। এটা তো সবে শুরু। পুরো সরকারকেই বদলাতে হবে; শুধু একজনকে সরালে চলবে না।” তিনি আরও বলেন, “সরকার না বদলালে আপনাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না। দিল্লিতে দৃঢ় থাকুন। দেশজুড়ে এই আন্দোলনের আগুন যেন নিভে না যায়।”
প্রসঙ্গত, সিজেপির সংসদ অভিযানে লাঠিচার্জ করে পুলিশ, যার তীব্র নিন্দা করা হয়েছে বিরোধী দলগুলির তরফ থেকে। শুধু বিরোধী দলই নন, অন্যান্য মহল থেকেও এর তীব্র সমালোচনা হয়েছে। এবার দেখার বিষয়, যে উদ্দেশ্যে আন্দোলন চালাচ্ছেন আরশোলা’রা, তাতে তারা সফল হন কিনা। কী হয় শেষ পর্যন্ত, তার দিকে নজর সমগ্র জাতীয় রাজনৈতিক মহলের।



By










