দেবজিৎ মুখার্জি, কলকাতা: “দল মমতার রক্তে তৈরি হয়েছে, বালিশচাটাদের দিয়ে নয়” ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ঋতব্রত শিবিরকে আক্রমণ করলেন বালিগঞ্জের বিধায়ক, তথা কালীঘাট তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা, শোভনদেব চট্টোপাধ্যায়। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। শুধু তাই নয়, কর্মীদের উদ্দেশে তিনি এই বার্তাও দেন যে দলে একটাই প্রতীক ও নেত্রী এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের ২১শে জুলাই শহীদ দিবস সভাকে ঘিরে তৈরি হয় নানা বিতর্ক। একদিকে পরাজিত হওয়ার পর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে গোটা তৃণমূল – কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। দুই শিবিরই পৃথক জায়গায় সভা করছে। মমতাপন্থীরা করবেন বিড়লা প্লানেটরিয়ামের সামনে। অন্যদিকে ঋতপন্থীরা করবেন গান্ধী মূর্তির পাদদেশে।
যদিও সভার অনুমতি পেতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবশেষে আদালতের তরফ থেকে এই কর্মসূচির অনুমতি মেলে বিড়লা প্লানেটরিয়ামের সামনে। যদিও সভার আগের রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মঞ্চ ভাঙার অভিযোগ তোলেন কালীঘাটপন্থীরা। সারারাত পাহারা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক নেতা-নেত্রী।
মঙ্গলবার সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন বালিগঞ্জ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান, সবাই চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডাক আটকে দেওয়ার, তবে হাজারও বাধা সত্ত্বেও মানুষের এই উপস্থিতি প্রমাণ করে যে বিদ্যুতের গতির মতো তাঁর ডাক এবং আটকে রাখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রত শিবিরকে আক্রমণ করে তিনি বলেন, “দল মমতার রক্তে তৈরি হয়েছে, বালিশচাটাদের দিয়ে নয়।” অতীতের সংগ্রাম মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “একসময় হাসপাতালও বলে দিয়েছিল বাঁচানো যাবে না মমতাকে, সেখান থেকে এই দল তৈরি হয়েছে লড়াই করে।” তাঁর সাফ কথা, “দলে প্রতীক এবং নেত্রীও একটা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।”



By










