দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২১শে জুলাই শহীদ দিবস সভার দিন অস্বস্তি বাড়লো কালীঘাট তৃণমূলের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে চায় শহিদ পরিবার। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, শহীদ পরিবার এফআইআর করতে চায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মনিশ গুপ্তের বিরুদ্ধেও।
এবারের ২১শে জুলাই শহীদ দিবস সভাকে ঘিরে তৈরি হয় নানা বিতর্ক। একদিকে পরাজিত হওয়ার পর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে গোটা তৃণমূল – কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। দুই শিবিরই পৃথক জায়গায় সভা করছে। মমতাপন্থীরা করবেন বিড়লা প্লানেটরিয়ামের সামনে। অন্যদিকে ঋতপন্থীরা করবেন গান্ধী মূর্তির পাদদেশে।
যদিও সভার অনুমতি পেতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবশেষে আদালতের তরফ থেকে এই কর্মসূচির অনুমতি মেলে বিড়লা প্লানেটরিয়ামের সামনে। যদিও সভার আগের রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মঞ্চ ভাঙার অভিযোগ তোলেন কালীঘাটপন্থীরা। সারারাত পাহারা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক নেতা-নেত্রী।
এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মণীশ গুপ্তের বিরুদ্ধে এফআইআর করার ইচ্ছাপ্রকাশ করা হলো শহীদ পরিবারের তরফ থেকে। কমিশনের রিপোর্ট চেপে রাখার জন্য তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চান বরানগরের শহিদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়। সকাল থেকেই তিনি কোনও তৃণমূল নেতাকে দিতে দিচ্ছেন না মালা। খবর জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে যে কীভাবে এবার এই পরিস্থিতি সামাল দেবে গোটা কালীঘাট শিবির। কী হয় আগে, সেটাই এখন দেখার।



By










