দেবজিৎ মুখার্জি, কলকাতা: বঙ্গে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনেই ব্যাপক হইচই পড়ল বিধানসভায়। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য পেশ করা শুরু হতেই বিজেপি বিধায়কেরা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। শুধু তাই নয়, এই প্রশ্ন উঠে আসে যে তিনি কোন তৃণমূল। তবে তৃণমূল বিধায়কও চুপ থাকেননি। তিনিও পাল্টা জবাব দিয়েছেন শাসকদলের বিধায়কদের।
জবাবে কুণাল ঘোষ বলেন, “এখনও কালি যায়নি হাতের আঙুলে। বেইমান নই আমি।” স্পিকারের উদ্দেশ্যে বেলেঘাটার বিধায়ক বলেন, “ওরা আমায় ভয় পায় স্যার। তাই দিচ্ছে না বলতে। আমাকে বাধা দিচ্ছেন ভয় পান বলেই। আমাকে ভয় পেয়েই, গুরুত্ব দিয়েই চলুন আগামী ৫ বছর।” যদিও তিনি এটাও পরিষ্কার করে দেন, “সবে নতুন সরকার হয়েছে। সুযোগ দেওয়া হবে তাদের। আমরা শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করবো না।”
বিজেপি বিধায়কদের পাশাপাশি এদিন কুনাল ঘোষ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন। তিনি বলেন, “একজন ধর্ষণে অভিযুক্তকে আপনি বিরোধী দলনেতা করবেন, হয় নাকি এটা? এরা বিজেপি বা বিজেপির স্পনসর বিধায়ক। পাণ্ডবরা কিন্তু পাঁচজন ছিল। কৌরবরা বাঁচেনি একশো হয়েও।” তার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বিধানসভায়। কিছু সময়ের জন্য আরও উত্তাল হয়ে ওঠে অধিবেশনের পরিবেশ। প্রসঙ্গত, সোমবার রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মঙ্গলবার থেকে শুরু হয়েছে আলোচনা এবং তা চলবে চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত।



By










