• Home
  • বিদেশ
  • ভোটের ৪৮ ঘন্টা আগে দীপুচন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ইউনূস সরকারের

ভোটের ৪৮ ঘন্টা আগে দীপুচন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ইউনূস সরকারের

Image

নিউজ ডেস্ক: রাত পোহালেই মুজিবের দেশে, অর্থাৎ বাংলাদেশে, হবে সাধারণ নির্বাচন। তবে তার আগে ময়মনসিংহে মৃত দীপুচন্দ্র দাসের পরিবারকে বাড়ি নির্মাণ ও আর্থিক সহায়তা করার ঘোষণা করা হলো অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। মঙ্গলবার এই ব্যাপারে অবস্থান জানান শিক্ষা উপদেষ্টা। পাশাপাশি, তিনি এটাও প্রতিশ্রুতি দেন যে সুবিচার করা হবে। 

গতবছর ১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়্যার মাস্টারবাড়ি এলাকায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল পর্যন্ত হয়েছিল, যা দেখে গা শিউরে উঠেছিল সকলের। শুধু তাই নয়, অনেকে এই বিষয়ে পদক্ষেপের এবং অপরাধীদের শাস্তির দাবি তোলেন। বিষয়টি নিয়ে জোড় শোরগোল পড়েছিল ভারতেও। বলা ভালো, এখনো তা আলোচনার বিষয় রয়ে গিয়েছে।

তবে বাংলাদেশে হতে চলা সাধারণ নির্বাচনের দুদিন আগে এই ব্যাপারে বড় ঘোষণা করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে। আর্থিক সহায়তার পাশাপাশি বাড়ি নির্মাণের ক্ষেত্রেও সাহায্য করা হবে। মঙ্গলবার এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “কোন অজুহাত নেই যে দীপুচন্দ্র দাসের হত্যাকান্ড একটি নৃশংস ঘটনা এবং এর কোনও জায়গা নেই আমাদের সমাজে। সরকারের তরফ থেকে পরিবারকে সহায়তা করার প্রচেষ্টা করা হলেও, তা কিছুই না একটা জীবনের তুলনায়। নিশ্চয়ই সুবিচার নিশ্চিত করবে রাষ্ট্র।”

বাড়ি বানানোর ক্ষেত্রে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হবে দীপুচন্দ্র দাসের পরিবারের চাহিদা অনুযায়ী। এছাড়া দেওয়া হবে নগদ আর্থিক সহায়তাও। তাঁর বাবা ও স্ত্রীকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। এখানেই শেষ নয়, পাঁচ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করা হবে তাঁর সন্তানের ভবিষ্যতের জন্যও। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। দীপুচন্দ্র দাসের পরিবার সুবিচার পান কিনা, তার উপরই এখন নজর রয়েছে বাংলাদেশ সহ বহু দেশের। এবার দেখার যে শেষমেষ এই ব্যাপারে কি হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top