নিউজ ডেস্ক: কঙ্গোর বিরুদ্ধে গোলের মুখ দেখতে না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে তিনি জোড়া গোল হাঁকান এবং দলের জয় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং সেখানে লিও মেসির প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হয় যে অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টাইন তারকাও জোড়া গোল করেছেন। তবে ব্যক্তিগত তুলনার বিষয়টি এড়িয়ে যান রোনাল্ডো এবং দল কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তা তুলে ধরেন।
রোনাল্ডো বলেন, “গত এক সপ্তাহ খুব কঠিন ছিল আমাদের জন্য। যেন অন্ধকারের মধ্যে ছিলাম আমরা। অনেকের মনে হচ্ছিল, যেন অবসর নিয়েই ফেলেছি আমি। সেই পরিস্থিতিতে একসঙ্গে বসে আমরা সবাই কথা বলেছিলাম এবং ঠিক করেছিলাম, আবার ফিরতে হবে লড়াইয়ে।” দলের মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, “আমরা হার মানিনি। চালিয়ে গিয়েছি কঠোর পরিশ্রম। আমি বিশ্বাস করি, ঈশ্বর তাদের সঙ্গেই থাকেন যারা সৎ থাকে এবং লড়াই করে শেষ অবধি। আজ আমরা ফল পেয়েছিসেই পরিশ্রমের।”
প্রসঙ্গত, মঙ্গলবার (ভারতীয় সময় অনুযায়ী) ম্যাচটি খেলা হয় হাউস্টনের হাউস্টন স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই উজবেকিস্তানের উপর চাপ সৃষ্টি করা শুরু করে পর্তুগাল। ৬ মিনিটে তাদের উপর প্রথম আঘাত আনে রোনাল্ডো। গোল করে তিনি এগিয়ে দেন পর্তুগালকে। দ্বিতীয় গোলটি আসতেও খুব বেশি সময় লাগেনি। ১৭ মিনিটে ফ্রি কিক থেকে এক অসাধারণ গোল করেন মেন্ডেস। তৃতীয় গোলটি আসে ৩৯ মিনিটে। এবারও গোলদাতা সিআর৭। বিস্তারিতভাবে বলতে গেলে প্রথমার্ধে পর্তুগালের সামনে দাঁড়াতেই পারেনি উজবেকিস্তান। প্রথমার্ধ শেষে তিন গোলে এগিয়ে থাকে পর্তুগাল।
দ্বিতীয়ার্ধেও পর্তুগালের খেলায় কোন পরিবর্তন দেখা যায়নি। আক্রমণ অব্যাহত রাখে তারা। লাগাতার তাদের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হয় উজবেকিস্তানের রক্ষণভাগ ভেদ করে গোল করার। তবে ৬০ মিনিটে নেমাটোভের আত্মঘাতী গোলে ৪-০তে পৌঁছে যায় পর্তুগাল। তাদের পঞ্চম, তথা শেষ গোলটি আসে ৮৭ মিনিটে। এবার উজবেকিস্তানের জালে বল জড়ান লিয়াও। অবশেষে ম্যাচ শেষ হয় ৫-০ ফলাফলে। হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন পর্তুগালের ফুটবলাররা। এই পর্যন্ত ‘গ্রুপ কে’তে তারা রয়েছে দ্বিতীয় স্থানে।



By










