দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে জমি দখল ও অত্যাচারের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে গেলেন ৮০ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ক্যান্সার আক্রান্ত বাসিন্দা রঞ্জনা হাজরা। অভিযোগকারীর তরফ থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এমনিতেই পালাবদলের পর থেকে কালীঘাটের তৃণমূলের অবস্থা বেশ শোচনীয়, তার উপর এই অভিযোগ আরো স্পর্শকাতর করে তুলেছে গোটা বিষয়টি।
রঞ্জনা হাজরার বক্তব্য, “কিছু পৈতৃক সম্পত্তি রয়েছে আমার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। ১৯৯৯ সাল থেকে অজিত বন্দ্যোপাধ্যায় সেগুলি দখলের চেষ্টা করে চলেছেন। প্রথমে ব্যবসা করেন একটি জায়গা দখল করে। পরে বাড়িও করেছেন সেখানে। এছাড়া তিনি বছরের পর বছর আরও একাধিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে গিয়েছেন। সক্ষমও হয়েছেন কিছু দখল করতে।” তাঁর অভিযোগ, তাঁর উপর একাধিকবার হামলা চালানো হয়েছে প্রতিবাদ করায়। ২০১৭ সালে ১২-১৩ হরিশ চ্যাটার্জি স্ট্রিট দখল করে অজিত ব্যবসা শুরু করেছেন।
রঞ্জনা দেবীর বক্তব্য, তিনি এই ব্যাপারে আগে একাধিকবার পুলিশের কাছে গিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি তাতে। বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় আসায় তিনি নতুন করে আশায় বুক বেঁধেছেন। তিনি বলেন, “আমি আজ সবটা বললাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। চিঠি দিয়েছি। বিষয়টা দেখবেন তিনি আমাকে আশ্বাস দিয়েছেন উনি। অভিযোগ লোক পাঠিয়ে খতিয়ে দেখবেন বলেও কথা দিয়েছেন। এবার কাজ হবে আশা করি।” এবার দেখার বিষয় যে এই ঘটনায় শেষ পর্যন্ত কী হয়।



By











