দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার বিপাকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তথা কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র, অতীন ঘোষ। তাঁর বিরুদ্ধে উঠেছে জমি-বাড়ি হাতানোর অভিযোগ। তবে তিনি একা নন, অভিযোগ উঠেছে তাঁর কন্যা প্রিয়দর্শনী ঘোষ সহ তাঁর জামাইয়ের বিরুদ্ধেও। তৃণমূল নেতাকে তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, এর সাথে উঠতে শুরু করেছে হাজারও প্রশ্ন।
একাধিক ইস্যুতে উত্তাল ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি, যার মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেস নেতাদের লাগাতার গ্রেফতারি। বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে জোর চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। বঙ্গ রাজনৈতিক মহলেও নানা প্রশ্ন জন্ম নিয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা ঘাসফুল শিবির এটিকে প্রতিহিংসার রাজনীতি বলে দাবি করে যাচ্ছে এবং তীব্র সমালোচনা করছে গেরুয়া শিবিরের।
এই আবহে বিপদে পড়লেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ। তাঁর বিরুদ্ধে বলপূর্বক জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললেন বিধাননগরের এক ব্যবসায়ী বাসিন্দা। সূত্র মারফত খবর, অভিযোগ জমা পড়েছিল প্রগতি ময়দান থানায়। অভিযোগকারীর বক্তব্য, তাঁর কাছ থেকে কম টাকায় বলপূর্বক বাড়ি সহ জমি হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে ঘটনা ২০১৭ সালের। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর মেয়ে-জামাইয়ের বিরুদ্ধেও। পুলিশি অভিযোগে বলা হয়েছে, তাঁর কাছ থেকে ভয় দেখিয়ে এবং প্রভাব খাটিয়ে কম দামে প্রগতি থানা এলাকার এক জমি-বাড়ি হাতিয়ে নেওয়া হয়। কলকাতা পুলিশ সেই মামলা পাঠিয়েছে বিধাননগর উত্তর থানায়। এবার দেখার বিষয় তিনি তলবে হাজিরা দিলে কী হয় শেষ পর্যন্ত।



By












