দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখে বিধানসভা নির্বাচন হবে দুই দফায় এবং গণনা হবে মে মাসের ৪ তারিখে। দিনক্ষণ ঘোষণা হতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তবে এর সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিসের ভিত্তিতে এবার দুই দফায় ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের প্রয়োজন মনে হয়েছে বলেই দুই দফায় নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দাবি করেছেন যে এতে সকলের সুবিধা হবে। অবস্থান জানানো হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকেও। ঘাসফুল শিবির বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তবে গেরুয়া শিবিরের মতে এটি অত্যন্ত লজ্জাজনক।
তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের বক্তব্য, “আগে ৮ দফায় ভোট হোক, চেয়েছিলেন বিরোধীরা। তারা দেখেছে যে এতে কোনও লাভ হয়নি। এবার দুই দফায় হোক বলছে। এতে কিছু আসে যায় না তৃণমূল কংগ্রেসের। মানুষ ভোট দেবে। কিছু হবে না দফা বদলে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেও।” যদিও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এটিকে লজ্জাজনক বলে মনে করছেন। তাঁর বক্তব্য, “লজ্জা হওয়া উচিত। অন্য রাজ্যের এক দফায় ভোট হচ্ছে এবং এখানে দুই দফায়।”



By










