দেবজিৎ মুখার্জি, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রাজ্যের বিদায়ী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর। তা ঘিরে যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সূত্রের খবর, মন্তেশ্বরের ব্লক সভাপতি আহমেদ হোসেনের সঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরীর বিরোধিতা দীর্ঘদিনের। সিদ্দিকুল্লাকে প্রার্থী ঘোষণা করায় সংঘর্ষে জড়ান দুই গোষ্ঠীর কর্মীরা।
দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুই গোষ্ঠীর তরফ থেকেই অবস্থান তুলে ধরা হয়। দুজনেই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে।
সফিক শেখ নামে এক সিদ্দিকুল্লা অনুগামী বলেন, “আমার উপর হামলা চালিয়েছে বাবুল খাঁ, খোকন মণ্ডল সহ আরও অনেকে। ৩৫ থেকে ৪০ জন আক্রমণ করেছে। শুধু দাঁড়িয়েছিলাম আমরা। অকারণে আমাদের মেরেছে। ওদের শাস্তি চাইছি।” অন্যদিকে অপর গোষ্ঠীর অতিযুব মণ্ডলের বক্তব্য, “বাজারে ছিলাম। খবর আসে বাড়িতে বোমা পড়েছে। খোকন শেখ মেরেছে। ও বিজেপি করত এক সময়ে।”



By










