• Home
  • জেলার খবর
  • “আমার চেয়ে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না” পার্ক সার্কাস ঘটনায় হুঁশিয়ারি শুভেন্দুর

“আমার চেয়ে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না” পার্ক সার্কাস ঘটনায় হুঁশিয়ারি শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙাকে ঘিরে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে উত্তেজনা ঘটনায় বড় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর সাফ কথা, কেউ যদি ভাবেন যে আগের সরকার রয়েছে বা আগের নিয়ম চলবে, তাঁরা ভুল করছেন। এখানেই শেষ নয়, তিনি এও স্পষ্ট করে দেন যে এমন ঘটনা এরপর হলে তাঁর চেয়ে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবেন না। 

সোমবার কলকাতা পুলিশের ডিসি অফিসে গিয়ে আহত আধিকারিকদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, “কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে। এখানেও হবে। যদি মনে করেন আগের সরকার, আগের নিয়ম আছে, তাহলে খুব ভুল করছেন। আমি বলে যেতে চাই, কেউ পাথর হাতে তুলে নেবেন না। এটাই শেষ ঘটনা।” হুশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “এমন ঘটনা এরপর ঘটলে, আমার চেয়ে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না।”

শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই হামলা আগে থাকতেই পরিকল্পনা করা ছিল এবং সমাজমাধ্যমে ছড়ানো হয়েছিল উস্কানিমূলক ভিডিও ঘটনার আগে থেকেই। তাঁর সংযোজন, “বরদাস্ত করব না এমন গুন্ডামি, ভাঙচুর, দেশ বিরোধী এবং সমাজ বিরোধী কার্যকলাপ। শেষবার বললাম পুলিশমন্ত্রী হিসেবে। যদি গায়ে হাত পড়ে একটা পুলিশের, তাহলে তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় এই সরকার যাবে।” এবার দেখার বিষয় যে ঘটনার জল কতদূর গড়ায়। কী হয় শেষ পর্যন্ত? কারা জড়িত এই ঘটনার সঙ্গে? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top