দেবজিৎ মুখার্জি, কলকাতা: এখন গোটা রাজ্যে বইছে গেরুয়া ঝড়। তৃণমূল কংগ্রেসের প্রায় ১৫ বছরের শাসনে দাগ টেনে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার নিয়ে একের পর এক বড় পদক্ষেপ নিয়ে চলেছেন তিনি, যার প্রশংসা আসছে বিভিন্ন মহল থেকে।
এই আবহে শিশির পুত্রের ভুয়সী প্রশংসা করলেন গেরুয়া শিবিরের অন্যতম তারকা প্রচারক, তথা বিশিষ্ট অভিনেতা, মিঠুন চক্রবর্তী। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, তিনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে রাজ্যে শিশির পুত্রের মতো ভালো মুখ্যমন্ত্রী হতে পারে না। পাশাপাশি তিনি এও পরিষ্কার করে দেন যে তিনি শুভেন্দু অধিকারীর পাশে আছেন।
জেলার প্রশাসনিক সফরে যাওয়ার আগে শনিবার মহাগুরুর নিউটাউনের বাসভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দেখা করেন মিঠুনদার সঙ্গে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন দুজনে। সেখানে শুভেন্দু অধিকারীর ভুয়সী প্রশংসা করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে এর থেকে ভাল মুখ্যমন্ত্রী হতে পারে না। গ্যারান্টি দিয়ে এই কথা আমি বলছি। উনি শপথ নেওয়ার পর থেকে কাজ করে চলেছেন। ওর জন্য আমরা গর্বিত। ওর পিছনেই রয়েছি।” অন্যদিকে, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীও বিশাল প্রশংসা করেন মহাগুরুর।
প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং দুটিতেই জয় পান। নন্দীগ্রামে তিনি পরাজিত করেন পবিত্র করকে এবং ভবানীপুরে তিনি পরাজিত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে অবশেষে তিনি শপথ নেন ভবানীপুরের বিধায়ক হিসেবেই। মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসার পর থেকেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিয়ে চলেছেন তিনি। এবার দেখার বিষয় যে তাঁর শাসনে কতটা উন্নতি হয় পশ্চিমবঙ্গের।



By










