দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভেঙে যাওয়া ঘরকে এবার জোড়া লাগাতে উঠেপড়ে লাগলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের এই দুঃসময়ে বিদ্রোহী বিধায়কদের ফের এক ছাতার তলায় আনতে উদ্যোগ নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। গত কয়েকদিনে বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চেষ্টাকে ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
চলতি বছরে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। চরম পর্যায়ের ভাঙন দেখা গিয়েছে দলে। পরিস্থিতি এই পর্যায়ে এসে পৌঁছেছে যে যে সংগঠন তিনি দীর্ঘদিন লড়াই করে গড়েছেন, তাই এখন টিকিয়ে রাখা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁর কাছে। এক সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দল।
এই আবহে সকলকে ফের ঐক্যবদ্ধ করতে উঠেপড়ে লাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে গত কয়েকদিনে তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে হাওড়া, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের বেশ কয়েকজন বিধায়কের, যাঁদের মধ্যে অনেকেই বিধানসভায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সাথে। যদিও কী ব্যাপারে আলোচনা হয়েছে, তা নিয়ে এখনো কোনও পক্ষই কিছু জানায়নি।
এবার দেখার বিষয় যে লড়াইয়ের ময়দানে দলকে ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই মুহূর্তে এই প্রশ্নও চারিদিকে ঘোরাফেরা করছে যে তিনি ভাঙা ঘর জোড়া লাগাতে পারবেন কিনা। বঙ্গ রাজনীতি কি ফের সাক্ষী হতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের? তা বলবে সময়।



By














