দেবজিৎ মুখার্জি, কলকাতা: অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে ধরা পড়ল কমিশনের ভিতরে বিশাল বিশৃঙ্খলা ও অব্যবস্থা। মাঝরাতে প্রকাশ হয় প্রথম দফার অতিরিক্ত তালিকা। তবে কত নামের নিষ্পত্তি হয়েছে বা বাদ পড়েছে, সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। সুতরাং নাম ওঠা-বাদ পড়া নিয়ে ধোঁয়াশা অব্যাহত। অনেকেই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। তবে কমিশনের বক্তব্য, ভোটাররা নাম জানতে পারবেন বুথভিত্তিক অতিরিক্ত তালিকা ডাউনলোড করে। তবে সেখানেও সমস্যা রয়েছে বলে অভিযোগ। ডাউনলোড হচ্ছে না সব বুথের তালিকা প্রযুক্তিগত কারণে।
এদিকে এই অভিযোগও সামনে এসেছে যে জাতীয় নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পুরো বিষয়টি না জানিয়ে। অতিরিক্ত তালিকা ঘিরে কীসের এতো লুকোচাপা, এই প্রশ্নও তোলা হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত কোনও তথ্যই ছিল না আধিকারিকদের হাতে।
সোমবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, “এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ২৯ লক্ষ। কিন্তু ‘ই-সাইন’ নেই অর্ধেকের কাছাকাছি নামে। তাই জানা নেই কত বাদ হয়েছে।” ফলে সময়ের সঙ্গে সঙ্গে চিন্তা ও আতঙ্ক বাড়ছিল ভোটারদের। মাঝরাতে প্রকাশিত তালিকাতেও তা মিটলো না। কারণ কতজনের নাম যোগ হয়েছে বা বাদ পড়েছে, কমিশন বিস্তারিতভাবে তা জানায়নি। যদিও কমিশন দাবি করেছে যে মঙ্গলবার দুপুরের মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে।
পাশাপাশি, সন্ধ্যার মধ্যে এই তালিকা ঝুলিয়ে দেওয়া হবে সকল জেলাশাসকের দপ্তর, বিডিও-এসডিও অফিসে বলে খবর। কমিশন এও জানিয়েছে যে তালিকা পৌঁছে দেওয়া হবে বুথের দায়িত্বে থাকা বিএলওদের কাছেও। আগামী শুক্রবার প্রকাশ করা হবে পরবর্তী তালিকা। তবে আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে গিয়ে তাঁরা, যাঁদের এদিন নাম বাদ পড়বে। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে মুখ্যসচিবকে প্রস্তুত করতে ট্রাইব্যুনাল তৈরির দরকারি পরিকাঠামো।



By










