দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। আর কয়েকমাস পরই রাজ্য নেবে যুদ্ধক্ষেত্রের রূপ। যদিও এখন থেকেই কমবেশি যুদ্ধের ময়দানের আকার নিয়েছে বাংলা। প্রতিনিয়তই একে অপরকে আক্রমণ করে যাচ্ছে রাজনৈতিক দলগুলি। শুধু তাই নয়, একদিকে যখন তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় প্রচার চালিয়ে যাচ্ছে, তখন অন্যদিকে বঙ্গ বিজেপিকে মজবুত করতে দিল্লির শীর্ষ নেতারা বাংলায় এসে সভা করার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক কর্মসূচি করছেন।
যদিও এই পরিস্থিতিতে বঙ্গ রাজনীতিতে প্রশ্ন উঠছে যে ফের এক হয়ে ভোটের ময়দানে নামবে কিনা বাম ও কংগ্রেস। দীর্ঘদিন ধরেই বামেদের তরফ থেকে আর্জি জানানো হচ্ছে হাত শিবিরকে জোট করার জন্য। সম্প্রতি, মালদার সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম। তবে কংগ্রেসের তরফ থেকেও পাল্টা দেওয়া হয়েছে তাদের এবং পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তারা নিজেদের সিদ্ধান্ত ঠিক সময়ে নেবে।
এই সবকিছুর মাঝে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে আক্রমণ করলেন মহম্মদ সেলিম। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, “বামফ্রন্টের সঙ্গে আসন রফা হয়েছিল যখন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্করবাবু, ওনার একটু বেশি দরদ আছে তৃণমূলের প্রতি। নিজে কোনও সিদ্ধান্ত উনি নিতে পারেন না। অপেক্ষায় রয়েছেন কি বলবে এআইসিসি। বেশিদিন অপেক্ষা করে থাকতে পারে না বামফ্রন্ট। ভোটের কাজ আমাদের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। কংগ্রেসকে ঠিক করতে হবে তারা বিজেপির সঙ্গে যাবে, তৃণমূলের সঙ্গে যাবে নাকি বামেদের সঙ্গে যাবে।”



By












