• Home
  • খেলা
  • গিলের মারকুটে ইনিংসে আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় ভারতের

গিলের মারকুটে ইনিংসে আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় ভারতের

Image

দেবজিৎ মুখার্জি: আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু করল টিম ইন্ডিয়া। শনিবার সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানকে পরাজিত করল ৭ উইকেটে। সৌজন্যে ব্যাট হাতে অধিনায়ক শুভমান গিলের অসাধারণ ইনিংস। এছাড়া বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন গুর্নুর ব্রার ও হর্ষ দুবে। অন্যদিকে আফগানিস্তানের তরফ থেকে তেমন উল্লেখযোগ্য কোনও পারফরম্যান্স আসেনি রহমানুল্লাহ গুরবাহ ছাড়া। একটি দুর্দান্ত শতরানের ইনিংস খেলেছেন তিনি।

শনিবার ম্যাচটি খেলা হয় ধরমশালায়। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। তবে বৃষ্টির জেরে ম্যাচ ৫০ ওভার থেকে কমিয়ে আনা হয় ২৫ ওভারে। নির্ধারিত ২৫ ওভার শেষ হওয়ার এক বল আগে ১৯৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। সর্বোচ্চ ১০২ রানের ইনিংস আসে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। অন্যদিকে ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন গুর্নুর ব্রার ও হর্ষ দুবে। এছাড়া দুটি করে উইকেট পান আর্শদ্বীপ সিং ও নীতিশ কুমার রেড্ডি।

জবাবে রান তাড়া করতে নেমে ২৩ ওভার শেষ হওয়ার আগে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন অধিনায়ক শুভমান গিল। এছাড়া ৩৯ রানে অপরাজিত ছিলেন কেএল রাহুল। ঈশান কিষান করেন ৩৪। আফগানিস্তানের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান রাশিদ খান ও জিয়া উর রহমান শরীফী। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শুভমান গিলকে। এই জয়ের সুবাদে সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top