দেবজিৎ মুখার্জি: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ায় লাগাতার টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়ে যাচ্ছিল পাকিস্তান। দল ঘোষণা করা সত্ত্বেও পিসিবি প্রধান মহসিন নকভি দাবি করেছিলেন যে সরকার নির্দেশ দিলে তারাও বয়কটের পথে হাঁটবে। যদিও আইসিসি তাদের পাল্টা চাপে ফেলে। পাকিস্তান যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে, তাহলে বড় শাস্তির মুখে পড়তে হবে বোর্ডকে।
এমন পরিস্থিতিতে শত্রুদেশকে খোঁচা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। কী বললেন তিনি? নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি বলেন যে পাকিস্তানের বিশ্বকাপে খেলতে আসার দরকার নেই কারণ ভারত তাদের গুঁড়িয়ে দেবে। এখানেই শেষ নয়, শত্রুদেশকে চিকা এই পরামর্শও দেন যে তারা যেন একটি অজুহাত বার করে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়।
শ্রীকান্ত বলেন, “আগের ম্যাচে ভারত ২০৯ রান তুলেছিল ১৫ ওভারে। পরের ম্যাচে ১৫০ করে ১০ ওভারে। মনে হয় সেটা দেখেই অনেক দল ভয় পেয়ে বলছে তারা বিশ্বকাপ খেলতে আসবে না।” এরপরই পাকিস্তানকে খোঁচা দিয়ে তিনি বলেন, “পাকিস্তান শোনো, খেলতে এসো না তোমরা। এটা নিয়ে তো কথা বলছেই তোমাদের মহসিন নকভি। তাই বলছি, এসো না তোমরা। রীতিমতো গুঁড়িয়ে যাবে। কলম্বোতে ছক্কা হাঁকালে তা পড়বে চেন্নাইতে। তাই বলব তোমাদের জন্য ভালো হবে যে তোমরা দূরে থাকো বিশ্বকাপ থেকে। কিছু একটা অজুহাত বার করো এবং সরে দাঁড়াও বিশ্বকাপ থেকে।” এবার দেখার বিষয় যে বিশ্বকাপে খেলা নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের তরফ থেকে।



By













