দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট ঘোষণার আগে থেকেই রণক্ষেত্রের চেহারা নিতে শুরু করেছিল গোটা পশ্চিমবঙ্গ। রবিবার দিনক্ষণ ঘোষণা হওয়ার পর বাংলার আকাশে-বাতাসে এখন বইছে ভোটের হাওয়া। কে দখল করবে বাংলার মসনদ? এই প্রশ্ন এখন সর্বত্রই শোনা যাচ্ছে। এই আবহে রাতারাতি মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদল করা হয় কমিশনের তরফ থেকে। পাশাপাশি, সোমবার সকালে কমিশনের তরফ থেকে ঘোষণা করা হলো পুলিশ প্রশাসনে বেশ কয়েকটি বদলির। নির্বাচন বিধি জারি হওয়ার পরই সকল শীর্ষপদে বদল করা হলো।
কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে এবার সুপ্রতিম সরকারের জায়গায় কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব সামলাবেন অজয় নন্দা। পীযূষ পান্ডের পরিবর্তে রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব সামলাবেন সিদ্ধিনাথ গুপ্তা। অজয় মুকুন্দ রানাডে এডিজি, আইনশৃঙ্খলা পদে এলেন বিনীত গোয়েলের জায়গায়। নটরাজন রমেশ বাবু সামলাবেন ডিজি, কারা পদ।
কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যাঁদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের সোমবার দুপুর তিনটের মধ্যে নতুন দায়িত্ব নিতে হবে। শুধু তাই নয়, বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে যাঁদের সরানো হয়েছে, তাঁরা কোনও কাজ করতে পারবেন না ভোটের। যদিও তৃণমূল কংগ্রেস এর মধ্যে নির্বাচন কমিশনের অতিসক্রিয়তা দেখছে। তাঁদের অভিযোগ, এর পেছনে হাত রয়েছে বিজেপির।



By










