দেবজিৎ মুখার্জি: চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ঘাসফুল শিবিরকে দায়ী করলেন তাঁর মা হাসি রথ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার পর সেই ক্ষোভ থেকে হত্যা করা হয়েছে তাঁকে। পাশাপাশি, তিনি এও জানান যে তিনি চান অপরাধীদের ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড হোক।
হাসি দেবীর বক্তব্য, তাঁর ছেলে বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন নন্দীগ্রাম, ভবানীপুর এবং চণ্ডীপুরের মতো স্পর্শকাতর কেন্দ্রগুলিতে। বিশেষ করে তাঁর বড় ভূমিকা ছিল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার এবং ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জেতার পেছনে। তিনি বলেন, “আমার ছেলে জানপ্রাণ দিয়ে কাজ করেছিল বিজেপির হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পর সেই ক্ষোভ থেকেই ওকে খুন করেছে তৃণমূলের লোকেরা।”
ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি একজন মা। দোষীদের ফাঁসি হোক আমি চাই না। কারন তা হলে তো ওরা মরে যাবে এক নিমেষেই। আমি চাই যাবজ্জীবন কারাদণ্ড হোক ওদের। ওরা জেলের ঘানি টানুক আর তিলে তিলে মরুক।” নিজের সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়ে খালি হোক অন্য কোনও মায়ের কোল, তা চান না তিনি বলেই এমন মন্তব্য।
হাসি দেবী আরও বলেন, “তৃণমূলের বহু নেতা নির্বাচনের আগে গরম গরম ভাষণ দিয়ে বলেছিল যে দিল্লির কোনও বাবাও রক্ষা করতে পারবে না ৪ তারিখের পর। সেটাই ওরা আজ করে দেখিয়ে দিল।” পাশাপাশি, তিনি শুভেন্দু অধিকারী প্রশংসাও করেন এখনো দলের কর্মীদের সুশৃঙ্খল থাকার নির্দেশ দেওয়ার। তিনি নয়া সরকারের কাছে ছেলের মৃত্যুর সঠিক বিচার ও অপরাধীদের কঠিন শাস্তির দাবি জানান।



By









