দেবজিৎ মুখার্জি: আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ ৩-০ দিয়ে শেষ করল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। শনিবার সিরিজের তৃতীয়, তথা অন্তিম ম্যাচে, বড় ব্যবধানে জিতল তারা। একটি নয়, দুটি নয়, একেবারে ৯ উইকেটে ম্যাচ নিজেদের নামে করল তারা। সৌজন্যে বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণার বিধ্বংসী বোলিং। এছাড়া ব্যাট হাতে এক অসাধারণ শতরানের ইনিংস তুলে ধরেছেন যশস্বী জয়েসওয়াল। এছাড়া মারকুটে ইনিংস খেলেছেন রোহিত শর্মাও।
শনিবার ম্যাচটি খেলা হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা। ৪৫ ওভার শেষ হওয়ার চার বল আগে ২১৮ রানে অলআউট হয়ে যায় তারা। অধিনায়ক হাসমাতুল্লাহ শাহীদির ১০২ এবং আজমাতুল্লাহ ও ওমারজাইয়ের ৫০ ছাড়া কেউ ব্যাট হাতে দাগ কাটতে সফল হননি। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচটি উইকেট নিজের ঝুলিতে তোলেন প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া একটি করে উইকেট পান হার্ষ দুবে, প্রিন্স যাদব ও গুর্ণুর ব্রার।
জবাবে রান তাড়া করতে নেমে এক দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা ও যশস্বী জয়েসওয়াল। ৭৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। ১০২ রানে অপরাজিত থাকেন যশস্বী জয়েসওয়াল। এছাড়া তাঁর সাথে ১৯ বলে ২০ রানে করে অপরাজিতা থাকেন শ্রেয়াস আইয়ার। দুজনে দলকে ফিনিশ লাইন পার করান। ৯ উইকেটে ম্যাচ নিজেদের নামে করে ভারত। আফগানিস্তানের বোলারদের মধ্যে ওই একটি মাত্র উইকেট পান মহাম্মদ নাবি। ম্যাচের সেরা ঘোষণা করা হয় প্রসিদ্ধ কৃষ্ণাকে। এছাড়া সিরিজের সেরা হন শুভমান গিল।



By













