দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হলো বঙ্গ বিজেপির তরফ থেকে। মঙ্গলবার সকালে গেরুয়া শিবির মোট ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তালিকায় জায়গা পেয়েছেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। এছাড়াও দলের তরফ থেকে বেশকিছু নতুন মুখ আনা হয়েছে কয়েকটি বিধানসভা কেন্দ্রে।
চলতি মাসে আসন্ন বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। মোট দুই দফায় ভোট হবে এবার – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। এছাড়া গণনা হবে মে মাসের ৪ তারিখে। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই পুরো প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। একাধিক চমক রয়েছে সেই তালিকায়। অন্যদিকে বঙ্গ বিজেপির তরফ থেকে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে।
মঙ্গলবার চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বঙ্গ বিজেপি। ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম জানিয়ে দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। এই পর্যন্ত সব মিলিয়ে মোট ২৮৭টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তারা। বাকি আসনগুলিতে কাদের প্রার্থী করা হবে, তা নিয়ে আলোচনা চলছে দলের অন্দরে। দলীয় কর্মী-সমর্থকদের নজর যে তার উপর রয়েছে, তা বলাই বাহুল্য।
চতুর্থ দফার প্রার্থী তালিকায় বাগদা থেকে দলের হয়ে লড়বেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। চৌরঙ্গী থেকে প্রার্থী করা হয়েছে সদ্য কংগ্রেস থেকে বিজেপির পতাকা ধরা সন্তোষ পাঠককে। এছাড়া তালিকায় নাম রয়েছে আশুতোষ বর্মা(সিতাই) , গিরিজা শঙ্কর রায় (নাটাবাড়ি), উত্তম কুমার বনিক (মগরাহাট পূর্ব), দেবাংশু পান্ডা (ফলতা), দেবাশিস ধর (সোনারপুর উত্তর), শ্যামল হাতী (হাওড়া দক্ষিণ), রঞ্জন কুমার পাল (পাঁচলা), ডঃ পীযূষ কান্তি দাস (চণ্ডীপুর), প্রদীপ লোধা (গড়বেতা), মানব গুহ (মেমারি) এবং অরিজিত রায়ের (বারাবনি)।
প্রসঙ্গত, দলীয় প্রার্থীদের নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে। এমনকি কলকাতায় এসেও তাঁরা নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। এবার দেখার বিষয় যে নয়া তালিকাকে ঘিরে কি হয়। যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁরা এবারের নির্বাচনে কেমন ফল করে, সেটাই দেখার।



By










