দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে দুজনকে। এবারের বিষয়বস্তু ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ। তৃণমূল নেতৃত্বকে অবস্থান স্পষ্ট করতে হবে ধর্মতলার সভা প্রসঙ্গে।
তৃণমূল জামানায় বছরের পর বছর ধর্মতলায় ২১শে জুলাই অনুষ্ঠিত হয়েছে শহীদ সমাবেশ, যেখানে রাজ্যের নানা প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকরা এসে জড়ো হতেন এবং এর জেরে একাধিকবার অভিযোগ উঠেছে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল ব্যাহত হওয়ার। ২০১৮ সালে কলকাতা হাই কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল শহরের মূল বা কোনও গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না কোনও রাজনৈতিক সভার জন্য। রাস্তার একাংশ সর্বদা খোলা রাখতে হবে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের জন্য। শুধু তাই নয়, আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল জরুরি পরিষেবা ও বিকল্প রাস্তা ব্যবস্থার পাশাপাশি জনসাধারণকে আগাম জানানোর। অভিযোগ, গতবছর সেই নির্দেশ অমান্য করেই শহিদ সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল। এর জেরে সমস্যা বৃদ্ধি পেয়েছিল সাধারণ মানুষের বলে দাবি করে দায়ের করা হয় আদালত অবমাননার মামলা।
শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে আগামী ৩ জুলাই। ওইদিন তাঁদের আদালতে এই অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানানো হতে পারে। এবার দেখার বিষয় যে জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়। কী হয় ৩ জুলাই, সেদিকেই এখন তাকিয়ে বঙ্গ রাজনৈতিক মহল।



By










