• Home
  • জেলার খবর
  • “চালু থাকবে প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা” সংশয় ওড়ালেন শুভেন্দু

“চালু থাকবে প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা” সংশয় ওড়ালেন শুভেন্দু

Image

দেবজিৎ মুখার্জি, হাওড়া: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কি বন্ধ হয়ে যাবে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো সামাজিক প্রকল্পগুলি? বাংলার রাজনৈতিক পালাবদলের পর এই প্রশ্নই ঘোরাফেরা করছিল রাজনৈতিক মহলে। তবে এদিন সেই সংশয় দূর করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, বন্ধ হবে না কোনও সরকারি প্রকল্পের সুবিধা।

সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ফল বেরিয়েছে ২৯৩টি আসনের। ২০০র বেশি আসন পেয়ে জয় পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ১০০র কম আসন পেয়েছে। খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও।

এরপরই রাজ্যজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তৃণমূল কংগ্রেসের আমলে যেই লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্যসাথীর মতো সামাজিক প্রকল্প চালু করা হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হবে কিনা। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু অধিকারী এই ব্যাপারে যাবতীয় সবটা জানালেন। তিনি বলেন, “চালু থাকবে প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা। তবে আনা হবে প্রতিক্ষেত্রে স্বচ্ছতা।” তাঁর সংযোজন, “সরকারি প্রকল্পের সুবিধা পাবে না কোনও মৃত ব্যক্তি। এছাড়া সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না কোনও অভারতীয়কে।”

প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের আমলে একাধিক সামাজিক প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী। লক্ষীর ভান্ডারে রাজ্যের প্রায় প্রতিটি মহিলা মাস গেলে দেড় হাজার টাকা করে পেতেন। ১৭০০ টাকা করে পেতেন তফশিলি জাতি ও উপজাতির মহিলারা। অন্যদিকে, ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা চালু ছিল স্বাস্থ্যসাথীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top