দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রদেশে ব্যাপক জমি কেলেঙ্কারি! অভিযোগের আঙুল খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদবের পরিবারের দিকে। অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর উজ্জয়িনীর মহাকাল মন্দিরের আশেপাশে, তাঁর পরিবারের সদস্যরা, একাধিক সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন। এখানেই শেষ নয়, যেই এলাকায় জমিজমা রয়েছে মোহন যাদবের পরিবারের সদস্যদের, সেখানে সরকারের তরফ থেকে নতুন সড়ক প্রকল্প ঘোষণা করা হয়েছে এবং এর জেনে রাতারাতি অনেকটা বেড়ে গিয়েছে সেই জমিগুলির দাম।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে যে ২০২৩ সালের ডিসেম্বর মাসের পরই মুখ্যমন্ত্রী মোহন যাদবের পরিবারের সদস্যরা মালিকানা পেয়েছেন উজ্জয়িনীর মহাকাল মন্দিরের আশেপাশে ১৩৭টি প্লটের মোট ১৬৮টি জমির। সব মিলিয়ে, শুধু উজ্জয়িনীর আশেপাশে মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়ে আছে ৩৩৫ একর, যা কিনা ছিল মোটে ১০০ একর তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে অবধি।
হাত শিবির, ওরফে কংগ্রেসের অভিযোগ, মোহন যাদব ও তাঁর পরিবারের সদস্যরা উজ্জয়িনীতে প্রায় ৪৫ কোটি টাকার জমি আধুনিক শহর নির্মাণ প্রকল্পে কিনেছে। তদন্তে দেখা গিয়েছে, তাঁরা প্লট কিনেছেন তৈরি হওয়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও ভবনের পাশে। বলা যায়, যেই জায়গাগুলিতে জমি রয়েছে, সেখানে ঘোষণা করা হয়েছে বড় বড় রাস্তা প্রকল্প। কংগ্রেসের প্রদেশ সভাপতি জিতু পাটোয়ারির বক্তব্য, “এমনিতেই প্রকাশ্যে চলে এসেছে রাম মন্দিরের চুরি। এবার মহাকাল মন্দিরে চুরির সঙ্গেও বিজেপির নাম জড়িয়ে গেল। এখানে রীতিমতো সম্পত্তি লুট হচ্ছে মহাকালের।” বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। তাদের বক্তব্য, তদন্ত করতে হবে শীর্ষ আদালতের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে। তবে মোহন যাদবের ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, কোনও দুর্নীতি হয়নি এবং উজ্জয়িনীতে তাঁর পরিবার কোনও জমি ক্রয় করেনি। যা কেনা হয়েছে, সব তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে।



By










