দেবজিৎ মুখার্জি, বীরভূম: রবিবার ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে ভোটমুখী বঙ্গে তুঙ্গে রাজনৈতিক তরজা। সোমবার বীরভূমের মুরারাইয়ের নির্বাচনী প্রচার থেকে এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা বিষয়টিকে ‘নাটক’ বলে তকমা দেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “শুনলাম কাল ঝালমুড়ি খেয়েছেন উনি। মুড়ি বানিয়ে খেয়েছেন এসপিজিকে দিয়ে, আগে থেকে মাইক-ক্যামেরা রাখা ছিল দোকানে। সব নাটক। নাহলে দোকানের ভিতর ক্যামেরা কেন ছিল? শুনেছি দামও দিয়েছেন আবার। ওঁর পকেটে দশ টাকা থাকে নাকি?”
প্রসঙ্গত, ঝাড়গ্রামের সভার পর ঝালমুড়ি কিনে খান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং খাওয়ান উপস্থিত জনতাকে। দোকানদারকে দাম বাবদ ১০ টাকাও দিয়েছেন। তখন আবার দোকানদার তাঁকে জিজ্ঞেস করেন যে তিনি পেঁয়াজ খান কিনা। জবাবে মুচকি হেসে তিনি বলেন, ‘পেঁয়াজ খাতে হ্যাঁয়!’ একটু থেমে ফের বলেন, ‘লেকেন দিমাগ নহি খাতে হ্যাঁয়’। দেখা যায় যে তিনি বেশ আরাম করেই ঝালমুড়ি খেয়েছেন। উল্লেখ্য, অন্য রাজ্য থেকে এসে দোকানি বিক্রম সাউ প্রথমে ঠেলাগাড়িতে ব্যবসা শুরু করেছিলেন। পরে পাকা দোকানঘরের ব্যবস্থা হয় তৃণমূল সুপ্রিমোর সৌজন্যে। রবিবার তাঁর দোকানেই ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী।



By










