দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আমরা শক্তিশালী বিরোধী চাই” প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলায় ২১ জুলাই ‘শহীদ দিবস’ পালন করতে চাওয়া প্রসঙ্গে বললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, বিজেপি তৃণমূল, সিপিএম, কংগ্রেসের মুখ বন্ধ করে রাজনীতি করতে আসেনি। এখানেই শেষ নয়, প্রাক্তন শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন যে তারা সেই সরকার নয়, যাদের রাজ্যবাসী ১৫ বছর ধরে দেখেছেন।
রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার ২১ জুলাই কীভাবে পালন করবে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। তার উপর দলে নিয়মিত ভাঙন ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ৫ জনকে নিয়েও মিটিং করবেন এবং সকলকে কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুমতি জানান।
এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “কেউ তো বারণ করেনি। করতেই পারেন। কিন্তু, নিয়ম মেনে করতে হবে। মানুষকে বিরক্ত করে করা যাবে না রাস্তা বন্ধ করে, জোরে লাউডস্পিকার চালিয়ে। সবাই তো আপনার দলের নয়। যাঁরা সমর্থন করেন না আপনার দলকে, আপনি কেন বিরক্ত করবেন তাঁদের?”
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা ওই সরকার নই, যাদের আপনারা ১৫ বছর দেখেছেন। তখন বিধানসভার বিরোধী দলনেতাকে সবকিছুতে অনুমতির জন্য হাই কোর্টে ছুটতে হয়েছিল। সেই সরকার নই আমরা। আমরা আসিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম, কংগ্রেসের মুখ বন্ধ করে রাজনীতি করতে। আমরা শক্তিশালী বিরোধী চাই।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ‘শহীদ দিবস’ পালন করার অনুমতি পান কিনা, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।



By









