নিউজ ডেস্ক: চলতি ফুটবল বিশ্বকাপে দাপট অব্যাহত কলম্বিয়ার। উজবেকিস্তানের পর এবার তারা পরাজিত করল কঙ্গোকে। ম্যাচের ফলাফল ১-০। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত তারা ছড়ি ঘুরিয়েছে কঙ্গোর উপর অ্যাটাকিং ফুটবল খেলে। অন্যদিকে কঙ্গোর তরফ থেকেও আপ্রাণ চেষ্টা করা হয় ম্যাচ বাঁচানোর। তবে তা করে উঠতে সফল হয়নি তারা। বলা ভালো, শেষের দিকে বেশ চাপ ফুটে উঠছিল তাদের চোখে-মুখে।
বুধবার (ভারতীয় সময় অনুযায়ী) ম্যাচটি খেলা হয় জাপোপানের এস্তাদিও গুয়াদালাজারায়। প্রথম মিনিট থেকে আগ্রাসী ফুটবল চালু হয় কলম্বিয়ার। লাগাতার আক্রমণ করতে থাকে তারা। তাদের তরফ থেকে চেষ্টা করা হয় কঙ্গোর ডিফেন্স ভেঙে গোল করে খাতা খোলার। কিন্তু কোনভাবেই তারা তা পেরে উঠছিল না। অনেকবার কাছাকাছি পর্যন্ত গিয়েছিল তারা। কিন্তু হাতছাড়া হয় গোল। অন্যদিকে কঙ্গোর তরফ থেকেও একাধিকবার চেষ্টা করা হয় গোল করে লিড নেওয়ার। তারাও কয়েকবার কাছাকাছি গিয়েছিল। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধেও কোনও পরিবর্তন দেখা যায়নি চিত্রে। একই ধাঁচে আক্রমণের পর আক্রমণ করে যায় কলম্বিয়া, যা ধারাবাহিকভাবে রুখে যাচ্ছিল কঙ্গোর ডিফেন্স ও গোলরক্ষক। অবশেষে ৭৬ মিনিটে কলম্বিয়া পায় তাদের প্রথম গোল। ম্যাচে দলকে এগিয়ে দেন মুনোজ। এরপর কঙ্গোর তরফ থেকেও মরিয়া চেষ্টা করা হয় ঘুরে দাঁড়ানোর। কিন্তু তারা ভাঙতে পারেনি কলম্বিয়ার রক্ষণভাগকে। শেষ পর্যন্ত ১-০ ফলাফল নিয়ে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন কলম্বিয়ার ফুটবলাররা। এই পর্যন্ত ‘গ্রুপ কে’তে কলম্বিয়া রয়েছে প্রথম স্থানে এবং কঙ্গো তৃতীয় স্থানে। এবার দেখার বিষয় যে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুই দল কেমন পারফর্ম করে।



By










