দেবজিৎ মুখার্জি, কলকাতা: মহরমকে ঘিরে একাধিক কড়া নির্দেশ। মঙ্গলবার প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে এই সংক্রান্ত যাবতীয় সবকিছু। বলা হয়েছে, কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। শুধু তাই নয়, শোভাযাত্রা থেকে ডিজেও বাজানো যাবে না বা প্রচন্ড উঁচু তাজিয়াও তৈরি করা যাবে না। এছাড়া দেওয়া যাবে না নতুন কোনও শোভাযাত্রার অনুমতিও। নজর দিতে হবে যাতে বজায় থাকে সম্প্রীতি।
আগামী শুক্রবার, ২৬ জুন, গোটা রাজ্যজুড়ে পালন করা হবে মহরম। তার আগে মঙ্গলবার প্রত্যেকটি থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নির্দিষ্ট থানার ডিসিরা এবং থানাগুলিকে জানানো হয় লালবাজারে তরফ থেকে দেওয়ার নির্দেশগুলির কথা। লালবাজার সূত্র জানিয়েছে, নতুন কোনও শোভাযাত্রা মহরমে করা যাবে না। অনুমতি দেওয়া হবে শুধু সেগুলিকেই যা বছরের পর বছর বেরোয়। পাশাপাশি অস্ত্র প্রদর্শন করা যাবে না কোনও ধরনের। পুলিশের নির্দেশ, তাজিয়ার উচ্চতা কোনও শোভাযাত্রায় যেন অতিরিক্ত না হয়। এছাড়া যেন সম্ভাবনা তৈরি না হয় রাস্তায় কেবল বা বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার।
এছাড়াও লালবাজারে তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও শোভাযাত্রায় বাজানো যাবে না ডিজে। যদিও বা মাইক বাজে শোভাযাত্রা থেকে, তা যেন বাজানো হয় আদালতের নির্দেশানুসারে। দেখতে হবে যাতে শব্দ দূষণ না হয়। কোনও সংবেদনশীল বার্তা দেওয়া যাবে না মিছিল থেকে। এই বিষয়গুলির উপর নজর রাখতে বলা হয়েছে থানার আধিকারিকদের। পাশাপাশি যাঁরা শোভাযাত্রা বার করবেন, তাঁদের সাথে থানার আধিকারিকদের আলোচনার নির্দেশও দেওয়া হয়েছে। শুক্রবার লালবাজারে তরফ থেকে রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। যেই রাস্তাগুলি দিয়ে বের হবে শোভাযাত্রা, সেই সমস্ত জায়গায় থাকবে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে বিশেষ নজর থাকবে যাতে সম্প্রীতি বজায় থাকে।



By












