দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর মাত্র কটা ঘন্টা। রাত পোহালেই নয়া বিজেপি সরকারের শপথগ্রহণ, যা ঘিরে উন্মাদনা তুঙ্গে দলীয় কর্মীদের। তার আগে শুক্রবার শুভেন্দু অধিকারীকে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। আগামীকাল তিনি শপথ নেবেন এবং এরপর শুরু হবে তাঁর রাজ্যের সর্বোচ্চ নেতা হিসেবে পথচলা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরও অনেকে। স্বাভাবিকভাবেই, এই মুহূর্তে খুশির হাওয়া বইছে শুভেন্দু অধিকারীর অনুগামী সহ গোটা গেরুয়া শিবিরে।
এই আবহে গুজব ছড়ায় যে অনুষ্ঠানে গান গাইবেন জাতীয় পুরষ্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে তাঁর মতাদর্শ বদল নিয়ে। কারণ তাঁকে দেখা গিয়েছে প্রাক্তন শাসকদলের একাধিক অনুষ্ঠানে। যদিও সরাসরি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হননি। তবে এটি যে সত্যি নয় তা পরিষ্কার করে দিয়েছেন ইমন। তাঁর দাবি, তিনি অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি।
ইমন বলেন, “এসব কথা কারা যে বলে, সত্যিই আমি জানিনা। না নিজেরা শান্তিতে থাকছে, না আমাকে থাকতে দিচ্ছে। আমার জানা নেই আমি কী বলবো।” এরপরই তিনি যে আমন্ত্রণ পাননি তা জানিয়ে দেন। জাতীয় পুরষ্কার জয়ী গায়িকা বলেন, “আমার কোনও আমন্ত্রণ আসেনি নতুন সরকারের তরফ থেকে শপথগ্রহণ অনুষ্ঠানে। বন্ধ হোক এসব গুজব ছড়ানো।”
প্রসঙ্গত, ভোটের মুখে ইমন তৃণমূল কংগ্রেসের হয়ে গেয়েছিলেন ‘নির্বাচনের পাঁচালী’। ঘাসফুল শিবিরও তাঁকে বঙ্গভূষণ (২০২২), বঙ্গবিভূষণ (২০২৪) সম্মান দিয়েছে। এছাড়া নির্বাচনের আগে প্রকাশ্যে ইমন বলেছিলেন, “একজন সঙ্গীতশিল্পী হিসেবে এই বাংলায় দিদির সরকারের কাছ থেকে, আপনাদের কাছ থেকে যেই সম্মান পেয়েছি, তা শিরোধার্য। দিদি যেখানে আমি সেখানে।” তবে ভোটের পর থেকে কোনও শব্দ নেই গায়িকার। সমাজমাধ্যমে তাঁর কোনও রাজনীতি সংক্রান্ত পোস্টও দেখা যায়নি।



By










