দেবজিৎ মুখার্জি: আসন্ন ২০ ওভারের বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবদের বড় পরামর্শ দিলেন দলের প্রাক্তন অধিনায়ক হিটম্যান, ওরফে রোহিত শর্মা। কী বক্তব্য তাঁর? এক অনুষ্ঠান থেকে দলের ক্রিকেটারদের তিনি বাইরের কথায় গুরুত্ব না দেওয়ার পরামর্শ দেন। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি গত ওডিআই বিশ্বকাপের অভিজ্ঞতার কথাও টেনে আনেন। অর্থাৎ রোহিত সকলকে আউটসাইড ইন্টারফেরেন্স থেকে দূরে থাকতে বলেন।
প্রাক্তন অধিনায়কের বক্তব্য, “কোন দরকার নেই বাইরের কথায় কান দেওয়ার। আলাদা একটা পৃথিবী গড়ে ফেলো নিজের চারপাশে, যেখানে তুমি শুধু একা এবং প্রবেশ পথ থাকবে না সমালোচকদের। মাত্র তো একটা মাস। এই কদিন আলাদা থাক নিজের মতো করে।” এর সঙ্গে তিনি বছর দুয়েক আগে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের প্রসঙ্গও টেনে আনেন। রোহিত বলেন, “খুব ভয়ে ছিলাম বিশ্বকাপ খেলার সময়ে। দেশের মাটিতে ম্যাচ হবে। যেতে হবে এদিক-ওদিক। হয়তো বিমানবন্দরে দলকে কেউ কিছু বলে দিল কোনও ম্যাচে পরাজিত হওয়ার পর। মাঝে তো এমনও ভেবেছিলাম যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার কথা বলব দলের সকলকে।”
প্রসঙ্গত, শেষবার ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল এক দশক আগে। প্রথমবার ভারত জয় পেয়েছিল ২০০৭ সালে। সেবারই প্রথম খেলা হয়েছিল এই ফরম্যাটের বিশ্বকাপ। এরপর ২০২১ বাদ দিয়ে একাধিক বার নকআউট পর্বেও গিয়েছিল তারা, কিন্তু ট্রফি পেতে সফল হয়নি। তবে ২০২৪ সালে ফের নিজেদের ঝুলিতে ট্রফি তোলে ভারত। ১৭ বছর পর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় তারা। ফাইনালে তারা পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে, তবে অল্প ব্যবধানে। এবার দেখার বিষয় যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই ফরম্যাটে নিজেদের দাপট ধরে রাখতে সফল হয় কিনা।



By














