দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলের শুরুটা ভালো হলেও তারপর লাগাতার পরাজয়ের মুখ দেখে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল তারা নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরাজিত হয়েছে আরসিবির কাছে। ১৮ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছেন বিরাট কোহলি-রজত পতিদাররা।
এই পরাজয়ের পর এমআই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের সমালোচনা নিজের ইউটিউব চ্যানেল থেকে করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ২০২৪ সালের আইপিএলের প্রসঙ্গ টেনে এনে তাঁর বক্তব্য, “এটা আজকের স্কোরকার্ড নয়, এটা ২০২৪ সালের হায়দ্রাবাদ বনাম বেঙ্গালুরুর সেই ম্যাচ, যেখানে রজত ঘোষণা করেছিলেন যে তিনি একজন স্পিন হিটার। তিনি মায়াঙ্ক মারকান্দেকে মাঠের প্রত্যেকটা জায়গায় পিটিয়েছিলেন। যেটা কমন ব্যাপার সেটা হল যে সেই ম্যাচেও মারকান্ডেকে ছক্কা হাঁকিয়েছিলেন রজত, এই ম্যাচেও তাই করেছেন।”
হার্দিকের নেতৃত্ব প্রসঙ্গে অশ্বিন বলেন, “আসল কথা হলো রজত পতিদার স্কিনের বিরুদ্ধে একজন দুর্দান্ত হিটার। তিনি ক্রিজে আসার পর, সরাসরি মারকান্ডেকে আপনি বোলিংয়ে আনলেন, যা অত্যন্ত সাধারণ মানের অধিনায়কত্ব। দুই ওভারে ৪০ রান দিয়েছেন মারকাণ্ডে।” প্রসঙ্গত, রবিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৪০ রান করে আরসিবি। সর্বোচ্চ ৭৮ রান করেন ফিল সল্ট। এছাড়া অধিনায়ক রজত পতিদার করেন ৫৩ ও বিরাট কোহলি ৫০। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে মুম্বাই করে ৫ উইকেটে ২২২। সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন শার্ফেন রুদারফোর্ড। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ফিল সল্টকে।



By














