দেবজিৎ মুখার্জি: অবশেষে চলতি আইপিএলে নিজেদের প্রথম জয় পেল ঋতুরাজ গায়কোয়াড় নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। শনিবার তারা পরাজিত করল অক্ষর প্যাটেল নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে। ২৩ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে তারা। সৌজন্যে ব্যাট হাতে সঞ্জু স্যামসন ও আয়ুষ মাত্রের আগ্রাসী ইনিংস এবং বল হাতে জ্যামি ওভার্টন ও অংশুল কাম্বোজের বিধ্বংসী বোলিং। ম্যাচের সেরা ঘোষণা করা হয় সঞ্জু স্যামসনকে।
ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে সঞ্জুর খেলা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন সিএসকের বোলিং কোচ এরিক সিমন্স। এমনকি তিনি ধোনির সঙ্গেও সঞ্জুর তুলনা করেন। এরিক বলেন, “আমার সৌভাগ্য রয়েছে ধোনির সঙ্গে বহু বছর যুক্ত থাকার। আমার দেখা সবচেয়ে শান্ত ক্রিকেটারদের মধ্যে ও একজন। আর খুব একটা পিছিয়ে নেই সঞ্জু স্যামসনও। খেলাটাকে ও বোঝে ঠিক সেই দৃষ্টিকোণ থেকেই। আমি ওর মধ্যে কোন ভয় দেখিনি, কোন তাগিদও দেখিনি বেশি অনুশীলন বা আরও বেশি কিছু করার।”
প্রসঙ্গত, শনিবার ম্যাচটি খেলা হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২১২ রান তোলে চেন্নাই। অপরাজিতা ১১৫ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। এছাড়া আয়ুষ মাত্রে করেন ৫৯। জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় দিল্লি। ট্রিষ্টান স্টাবসের অর্ধশত রানের ইনিংস বাদ দিয়ে কেউই তেমন দাগ কাটতে পারেননি। চেন্নাইয়ের হয়ে ৪টি উইকেট নেন জ্যামি ওভার্টন এবং ৩টি অংশুল কাম্বোজ। ম্যাচের সেরা হন সঞ্জু স্যামসন।



By














