দেবজিৎ মুখার্জি: বুধবার ,৮ এপ্রিল, এক অসাধারণ ম্যাচের সাক্ষী হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। চলতি আইপিএলে খাতা খুলল গুজরাট টাইট্যান্স। তারা পরাজিত করল দিল্লি ক্যাপিটালসকে। তবে এই জয় একেবারেই সহজ ছিল না তাদের জন্য। মাত্র এক রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে তারা। সুতরাং ম্যাচ যে হাড্ডাহাড্ডি হয়েছে, তা না বললেও বোঝা যায়।
অন্তিম ওভারের শেষ বলে যখন দুই রান দরকার ছিল দিল্লির জেতার জন্য, তখন মাথা ঠান্ডা রেখে বল করেন প্রসিদ্ধ কৃষ্ণা। সামনে ছিলেন ডেভিড মিলার, যিনি দিল্লিকে জয়ের একেবারে দোরগোড়ায় নিয়ে চলে এসেছিলেন। তখন প্রসিদ্ধের বলে রান নিয়ে টাই করতে গিয়ে রানআউট হন অপর প্রান্ত থেকে দৌড়ে আসা কুলদীপ যাদব। ফলে এক রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় গুজরাট। কিন্তু তার আগের বলে রান নিয়ে স্কোর লেভেল করার সুযোগ থাকলেও নেননি মিলার, যা ম্যাচ হাতছাড়া হওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
ম্যাচের সেরা হয়ে এই রোমাঞ্চকর জয় নিয়ে নিজের মতামত জানান রাশিদ খান। তিনি বলেন, “আমরা এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচের অংশ হয়ে আসছি গত ৪-৫ বছর ধরেই। তবে আমি মনে করি যে আসল বিষয় ছিল একবারে প্রত্যেকটি ডেলিভারির ওপর মনোযোগ নিশ্চিত করা। আর নিজের ১০০ শতাংশ দেওয়া এবং এমন সঠিক ডেলিভারি করা যা কঠিন মারা। আর শেষ অবধি জয়ী দলে থাকতে পেরে খুবই খুশি আমি।”
প্রসঙ্গত, বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তোলে গুজরাট। অর্ধশতরানের ইনিংস আসে শুভমান গিল, জস বাটলার ও ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান করে দিল্লী। ৯২ রানের এক অসাধারণ ইনিংস খেলেন কেএল রাহুল। ম্যাচের সেরা ঘোষণা করা হয় রাশিদ খানকে।



By













