• Home
  • খেলা
  • “আমাদের জেতার একটা সুযোগ আছে” মিলারের রান না নেওয়া নিয়ে বললেন গিল

“আমাদের জেতার একটা সুযোগ আছে” মিলারের রান না নেওয়া নিয়ে বললেন গিল

Image

দেবজিৎ মুখার্জি: বুধবার ,৮ এপ্রিল, এক অসাধারণ ম্যাচের সাক্ষী হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। চলতি আইপিএলে খাতা খুলল গুজরাট টাইট্যান্স। তারা পরাজিত করল দিল্লি ক্যাপিটালসকে। তবে এই জয় একেবারেই সহজ ছিল না তাদের জন্য। মাত্র এক রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে তারা। সুতরাং ম্যাচ যে হাড্ডাহাড্ডি হয়েছে, তা না বললেও বোঝা যায়। 

অন্তিম ওভারের শেষ বলে যখন দুই রান দরকার ছিল দিল্লির জেতার জন্য, তখন মাথা ঠান্ডা রেখে বল করেন প্রসিদ্ধ কৃষ্ণা। সামনে ছিলেন ডেভিড মিলার, যিনি দিল্লিকে জয়ের একেবারে দোরগোড়ায় নিয়ে চলে এসেছিলেন। তখন প্রসিদ্ধের বলে রান নিয়ে টাই করতে গিয়ে রানআউট হন অপর প্রান্ত থেকে দৌড়ে আসা কুলদীপ যাদব। ফলে এক রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় গুজরাট। কিন্তু তার আগের বলে রান নিয়ে স্কোর লেভেল করার সুযোগ থাকলেও নেননি মিলার, যা ম্যাচ হাতছাড়া হওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে সেই মুহূর্ত নিয়ে মুখ খোলেন জিটি অধিনায়ক শুভমান গিল। তাঁর বক্তব্য, “অবশ্যই, যে তিনটি ম্যাচ আমরা খেলেছি, শেষ ওভার অবধি গিয়েছে তার সবগুলোই। তবে এই ম্যাচটা জিততে পেরে খুশি।” ডেভিড মিলার যখন পঞ্চম বলে রান নেননি, তখন কি মনে হচ্ছিল, সেই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের একটা সুযোগ আছে জেতার।” অন্তিম বলের আগে কি কথাবার্তা হয়েছে প্রসিদ্ধের সঙ্গে, সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, “না আমরা শুধু আলোচনা করছিলাম যে ইয়র্কার দেব নাকি স্লোয়ার বল করব। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে উইকেটের যা অবস্থা, তাতে স্লোয়ার বল করাই ঠিক হবে। কারণ যদি বল করা যায় একটা ভালো স্লোয়ার বল, তাহলে তা পাঠানো কঠিন হবে বাউন্ডারিতে।”

প্রসঙ্গত, বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তোলে গুজরাট। অর্ধশতরানের ইনিংস আসে শুভমান গিল, জস বাটলার ও ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান করে দিল্লী। ৯২ রানের এক অসাধারণ ইনিংস খেলেন কেএল রাহুল। ম্যাচের সেরা ঘোষণা করা হয় রাশিদ খানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top