• Home
  • খেলা
  • “শুধু মাঠে নেমে পড়ো তুমি” বৈভবকে বলেছিলেন রিয়ান

“শুধু মাঠে নেমে পড়ো তুমি” বৈভবকে বলেছিলেন রিয়ান

Image

দেবজিৎ মুখার্জি: “শুধু মাঠে নেমে পড়ো তুমি” রাজস্থান রয়েলসের কনিষ্ঠতম তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে নিয়ে প্রশ্ন করা হলে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে এমনটাই জানালেন দলের অধিনায়ক রিয়ান পারাগ। কী বক্তব্য আরআর অধিনায়কের? তিনি জানান যে তিনি বৈভবকে পরামর্শ দিয়েছেন খেলায় যাই হোক না কেন বা মিডিয়ায় যাই চলুক না কেন, কোনও কিছুতেই তাঁর বিচলিত হওয়া উচিত নয়। পাশাপাশি, বৈভবকে নিয়ে তিনি কোচেদের কি বলেছেন, তাও তিনি জানান পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে।

সোমবার নিজেদের আইপিএল অভিযান শুরু করে রাজস্থান রয়েলস ও চেন্নাই সুপার কিংস। গতবার যেমন ব্যাট হাতে তাক লাগিয়েছিলেন, এবারও নতুন মরশুমের প্রথম ম্যাচে সেই ঝলক দেখান বৈভব। ১৭ বলে ৫২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি এবং দলের জয় নিশ্চিত করেন। তাঁর ইনিংসে মুগ্ধ হয়েছেন তাঁর সতীর্থ থেকে শুরু করে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। বলা ভালো, সকলেই সোমবার মুখিয়ে ছিলেন তাঁর মারকুটে ব্যাটিং দেখার জন্য।

ম্যাচ জেতার পর পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে বৈভবকে নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন আরআর অধিনায়ক রিয়ান পারাগ। যখন তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি বৈভবকে কি বলেছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওকে আমি বলি যে তুমি খেলতে যাচ্ছো ১৪টা ম্যাচ এবং খেলায় যা-ই ঘটুক না কেন, তাতে তোমার বিচলিত হওয়া উচিত নয়। যাই চলুক না কেন মিডিয়ায়, তাতে তোমার বিচলিত হওয়া উচিত নয়। শুধু মাঠে নেমে পড়ো তুমি।”

রিয়ান আরো বলেন, “ও ব্যাট করতে ভালোবাসে। আমি কোচেদের এটা বলেছি দিয়েছি যে ও যত ব্যাটিং চায়, তত যেন পায়। আর ও সেরকমই কিছু করে দেখায় গিয়ে। তাই আমার মনে হয়, ধ্রুব আর আমি যখন বসে ছিলাম চতুর্থ ওভার অবধি, বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম আমরা দুজনেই। যেমন কি হচ্ছে? ও কীভাবে এটা করছে? তবে আমি সত্যিই খুব খুশি, ওকে আমার দলে পেয়ে।”

প্রসঙ্গত, সোমবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। কোনরকমে ১২৭ রান করে তারা। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার দুই বল আগে অলআউট হয়ে যায় তারা। জবাবে রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে রান করা শুরু করে রাজস্থান। ১৭ বলে ৫২ রান করে আউট হন বৈভব সূর্যবংশী। ১৩ ওভার শেষ হওয়ার অনেক আগে দুই উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। ম্যাচের সেরা হন নান্দ্রে বার্গার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top