দেবজিৎ মুখার্জি, কলকাতা: মনোনয়ন দাখিলের আগে আইনি লড়াইয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি পুলিশের বিরুদ্ধে দরকারি তথ্য গোপন করার অভিযোগ তুলে। তাঁর দাবি, পুলিশ তাঁকে জানাচ্ছে না তাঁর বিরুদ্ধে যে কটি মামলা দায়ের হয়েছে, তার সম্পূর্ণ ও সঠিক তথ্য।
ভোটের কাজে প্রার্থীদের জন্য জমা দেওয়া বাধ্যতামূলক ‘ফর্ম ২৬’, যেই হলফনামায় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ক্রিমিনাল রেকর্ড, সম্পত্তি, ইত্যাদি সবটা জানাতে হয় বিস্তারিতভাবে। সুতরাং যে কোনও প্রার্থীর ক্ষেত্রে আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে যদি মামলার সঠিক তথ্য না পাওয়া যায়। এই ব্যাপারেই হাই কোর্ট গিয়েছেন শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, চলতি বছর চন্দ্রকোনায় পাল্টা মামলা দায়ের হয়েছিল তাঁর কনভয়ে আক্রমনের ঘটনায়। কোর্ট আগে থেকেই তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। তাও বেশ কয়েকটি মামলাকে ঘিরে তথ্য তিনি স্পষ্ট ভাবে না পাওয়ায় আইনি পথে হাঁটলেন। এর আগে গতবছর তাঁর বিরুদ্ধে চলা ১৫টি মামলা খারিজ করে দেওয়া হয়েছিল হাইকোর্টের বিচারপতির তরফ থেকে। মামলাগুলিকে ভিত্তিহীন তকমা দিয়ে আদালতের বক্তব্য যে এটি প্রমাণিত যে তা করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে।



By










