• Home
  • খেলা
  • কেরিয়ারের শেষ জীবনে এসে বাদ পড়ার হুমকি পেতে হয়েছিল শচীনকে

কেরিয়ারের শেষ জীবনে এসে বাদ পড়ার হুমকি পেতে হয়েছিল শচীনকে

Image

দেবজিৎ মুখার্জি: শচীন তেন্ডুলকর! এই নামটার সঙ্গে সমগ্র ক্রিকেটবিশ্ব বেশ ভালোভাবেই পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন প্রায় এক দশকেরও বেশি সময় হয়ে গিয়েছে। কিন্তু আজও তিনি রয়েছেন ১৪০ কোটি ভারতবাসীর মনে। ২২ গজে তিনি ব্যাট হাতে নামলেই বিপক্ষ দলের বোলারদের চোখেমুখে এক আলাদা চাপ ফুটে উঠতো। বলা ভালো, তিনি ব্যাট হাতে নামলেই একটা সময়ে ধরে নেওয়া হতো যে ম্যাচ উঠতে চলেছে ভারতের ঝুলিতে। শচীনের নিজের ঝুলিতে রয়েছে একাধিক অর্ধশতরান ও শতরান। ১০০ সেঞ্চুরির মালিক তিনি। সেই কারণেই তাঁকে বলা হয় ‘গড অফ ক্রিকেট’। 

তবে শচীনকেও তাঁর ক্রিকেটজীবনের শেষের দিকে, খারাপ ফর্মের জেরে, এসে পড়তে হয়েছিল বাদ পড়ার হুমকির মুখে। এক সাক্ষাৎকারে এমনটাই তুলে ধরলেন তৎকালীন নির্বাচক প্রধান সন্দীপ পাতিল। কী বলেছেন তিনি? তাঁর বক্তব্য, “শচীনকে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম যে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কি? উনি পাল্টা কারণ জিজ্ঞেস করেন। তারপরই আমি বলে দিই যে আমরা তাঁর পরিবর্তন খুঁজছি। শচীন চমকে গিয়ে পাল্টা প্রশ্ন করেন যে আমি সত্যি সত্যিই তা ভাবছি কিনা। তখন আমি বলেছিলাম হ্যাঁ তোমার বদলি সত্যিই খুঁজছি আমরা।”

ঘটনাচক্রে শচীন পরের বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে বোর্ডের চাপে অবসর নিয়েছিলেন শচীন। তাতে যে এবার একপ্রকার সিলমোহর লাগানো হলো সন্দীপের তরফ থেকে, তা না বললেও চলে। যদিও প্রাক্তন নির্বাচক প্রধান দাবি করেছেন যে তাঁকে মনে রাখা হচ্ছে শচীনকে বাদ দেওয়ার জন্য, তা ঠিক নয়। তাঁর সময়ে একাধিক প্রতিভাশালী ক্রিকেটার দলে এসেছেন, যার কথা কেউ মনে রাখেন না। কেনই বা মনে রাখবেন? যাঁরা এসেছেন, তাঁরা দলের নক্ষত্র হলেও, শচীন তেন্ডুলকর নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top