• Home
  • খেলা
  • “এক অবিশ্বাস্য অনুভূতি” ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল যাওয়া নিয়ে বললেন স্কাই

“এক অবিশ্বাস্য অনুভূতি” ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল যাওয়া নিয়ে বললেন স্কাই

Image

দেবজিৎ মুখার্জি: “এক অবিশ্বাস্য অনুভূতি” ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যাওয়া নিয়ে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। কী বক্তব্য তাঁর? পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে তিনি জানালেন যে একটা দুর্দান্ত দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এখানে বিশ্বকাপ খেলা ও আহমেদাবাদে ফাইনাল খেলতে যাওয়া, দলের সকল ক্রিকেটারের কাছে এটি এক বিশেষ অনুভূতি।

সূর্য বলেন, “এটা এক অবিশ্বাস্য অনুভূতি।” এরপরই ফাইনাল প্রসঙ্গে নিজের অবস্থান জানান স্কাই। তিনি বলেন, “ভারতে খেলা, এমন দারুন একটা দলকে নেতৃত্ব দেওয়া এবং এখানে বিশ্বকাপ খেলার সাথে সাথে ফাইনাল খেলতে যাওয়া আহমেদাবাদে।” তাঁর সংযোজন, “আমার মনে হয় এটা ছেলেদের কাছে একটা বিশেষ অনুভূতি।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এদিন টসে জিতে সূর্যকুমার যাদবদের প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। নেমেই গত ম্যাচের মতো আগাসি ব্যাটিং করা শুরু করেন সঞ্জু স্যামসন। তবে দ্বিতীয় ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান দলের আরেক ওপেনার অভিষেক শর্মা। এদিনও ব্যর্থ হন তিনি। ৯ করে আউট হয়ে যান। এরপর ঈশান কিষানের ব্যাট থেকে ফের এক দুর্দান্ত ইনিংস উঠে আসে। তিনি ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সঞ্জু আউট হন ৮৯ রান করে। শিবম দুবে করেন ৪৩। এছাড়া অল্প বলে দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস উপহার দেন হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মাও। নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৭ উইকেটে ২৫৩। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট তোলেন আদিল রাশিদ ও উইল জ্যাক্স। জোফরা আর্চার পান একটি উইকেট।

জবাবে রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন ফিল সল্ট। ৮ ওভারের মধ্যেই চারটি উইকেট হারিয়ে ফেলে তারা। এরপরই একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়েন উইল জ্যাক্স ও জেকব বেথেল। জ্যাক্স প্যাভিলিয়নে ফিরে যান ৩৫ রান করে। অন্যদিকে বেথেল ১০৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। এছাড়া ব্যাট হাতে কেউ তেমন প্রভাব ফেলতে সফল হননি। জোফরা আর্চার শেষ ওভারে একের পর এক ছক্কা হাঁকালেও, তা কাজে আসেনি। কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে তারা শেষ করে ৭ উইকেটে ২৪৬ রানে। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে দুটি উইকেট তোলেন হার্দিক পান্ডিয়া। এছাড়া একটি করে উইকেট পান আর্শদিপ সিং, জাস্পৃত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। এদিনও ম্যাচের সেরা ঘোষণা করা হয় সঞ্জু স্যামসনকে। এবার ফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top