নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে সালমান আলি আঘা নেতৃত্বাধীন পাকিস্তান। যেই জায়গায় দাঁড়িয়ে দল, তাতে পুরোটাই এখন অঙ্কের খেলা। বলা ভালো, অনেক কিছুর উপর দাঁড়িয়ে তাদের সেমিফাইনালে ওঠাটা। গোটা টুর্নামেন্টে কোনও ম্যাচেই ক্রিকেটপ্রেমীদের তেমন দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়নি তারা। নামিবিয়া বাদ দিয়ে বাকি সব ম্যাচেই বেশ স্ট্রাগল করতে দেখা গিয়েছে।
এমন পরিস্থিতিতে দলের তারকা ক্রিকেটার বাবর আজমের ব্যাটিংকে কটাক্ষ করলেন দলের প্রাক্তন তারকা উমর আকমল। তিনি সম্পর্কে বাবরের কাকাতো দাদা। ইংল্যান্ডের বিরুদ্ধে বাবর ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন। স্ট্রাইক রেট ১০০ থেকে সামান্য বেশি, যা টি-টোয়েন্টি ক্রিকেট অনুযায়ী অত্যন্ত খারাপ। এই বিষয়টি নিয়ে বাবরকে খোঁচা দিলেন প্রাক্তন পাক তারকা।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উমর আকমল তাঁর ও বাবরের দুটি ছবি দেন – একটি ২০১৪ সালের ২০ ওভারের বিশ্বকাপের, যেখানে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যখন নামছেন তখনকার স্কোর এবং যখন ফিরছেন তখনকার স্কোর এবং অন্যটি ২০২৬ সালের, অর্থাৎ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের, যেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে বাবর যখন নামছেন তখনকার স্কোর এবং যখন ফিরছেন। উমর আকমলের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি যখন নেমেছিলেন তখন পাকিস্তানের স্কোর ছিল দুই উইকেটে ২৫ এবং যখন ফিরছেন তখন ৫ উইকেটে ১৮০। বাবর আজমের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি যখন নামেন তখন পাকিস্তানের স্কোর দুই উইকেটে ৩২ এবং যখন ফিরছেন তখন তিন উইকেটে ৭৩। উমর আকমল খেলেছিলেন ৫৪ বলে ৯৪ রানের ইনিংস। অন্যদিকে বাবর ২৪ বলে ২৫ করে প্যাভিলিয়নে ফিরছেন।
যদিও এই পোস্ট ভাইরাল হতে তিনি পালটি খান। পরে এক পোস্টের মাধ্যমে তিনি জানান যে কি কারনে এমন পোস্ট করেছিলেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, “প্রথমেই এটা আমি পরিষ্কার করে দিতে চাই যে বাবরের সঙ্গে নিজের তুলনা করা উদ্দেশ্য নয় আমার। ও বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাটারদের মধ্যে একজন। আমার শ্রদ্ধা রয়েছে, ও যা করেছে, তার প্রতি।” এরপর তিনি বলেন, “আমি শুধু এটাই বলতে চাই যে বাবর মিডিল অর্ডার ব্যাটার নয় টি-টোয়েন্টি ক্রিকেটে। ওর ব্যাটিং স্টাইলের সঙ্গে মেলেনা ওই পজিশন।” এবার দেখার বিষয় যে শেষ ম্যাচে কেমন পারফর্ম করে পাকিস্তান। শুধু তাই নয়, ব্যাট হাতে বাবর কিছু করে দেখাতে পারে কিনা, সেদিকেও নজর থাকবে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের।



By













