• Home
  • খেলা
  • বিশ্বকাপের মাঝে না ফেরার দেশে রিঙ্কুর পিতা

বিশ্বকাপের মাঝে না ফেরার দেশে রিঙ্কুর পিতা

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে দুঃসংবাদ টিম ইন্ডিয়ার তারকা পিঞ্চ হিটার ব্যাটার রিঙ্কু সিংয়ের জন্য। না ফেরার দেশে চলে গেলেন তাঁর পিতা খানচাঁদ সিং। এদিন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনাকে ঘিরে চরম শোকের ছায়া নেমে এসেছে রিঙ্কুর পরিবারের উপর। এমন পরিস্থিতিতে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি পর্বে থাকবেন কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

এক বছর আগে লিভার ক্যান্সারের কবলে পড়েছিলেন রিঙ্কু সিংয়ের পিতা খানচাঁদ সিং। তা বাড়তে বাড়তে একেবারে চতুর্থ স্টেজে পৌঁছে যায়। গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থা আরো খারাপ হয়। এমন পরিস্থিতিতে তাঁকে ভর্তি করানো হয় গ্রেটার নয়ডার এনসিআর হাসপাতালে। ‘মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট’ ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’ চলছিল। শুক্রবার সকালে সেখানেই তিনি প্রয়াত হন।

সোমবার দলের সঙ্গে চেন্নাই গিয়েছিলেন রিঙ্কু। তবে সেখানে পৌঁছে পিতার অসুস্থতার খবর পাওয়ামাত্রই তিনি শিবির ছেড়ে মঙ্গলবার সকালে নয়ডার উদ্দেশ্যে রওনা দেন এবং দেখা করেন বাবার সঙ্গে। বৃহস্পতিবার সকালে ফের ফিরে আসেন। যদিও সিকান্দার রাজাদের বিরুদ্ধে তিনি খেলেননি। তবে ফিল্ডিং করতে নেমেছিলেন। শুক্রবার সকালে রিঙ্কু নিজের পিতার মৃত্যুর খবর পান। খানচাঁদ সিংয়ের মৃত্যুতে সকলেই বেশ দুঃখ পেয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন থাকছে যে রিঙ্কু বিশ্বকাপের বাকি খেলাগুলিতে থাকবেন কিনা। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই ব্যাপারে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, সিকান্দার রাজার জিম্বাবয়েকে পরাজিত করে এখনো সেমিতে যাওয়ার সুযোগ রয়েছে সূর্যকুমার যাদবদের। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইটে তাদের শেষ ম্যাচটি জিততেই হবে। বলা ভালো, সেটিও একটি ‘ডু অর ডাই’ ম্যাচ ভারতের জন্য। এবার দেখার বিষয় যে সেই ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে সেমিফাইনাল যেতে পারে কিনা ভারত। কেমন পারফর্ম করেন দলের ক্রিকেটাররা বা কি স্ট্র্যাটেজি নিয়ে খেলতে নামে, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেট মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top