• Home
  • খেলা
  • জিম্বাবয়ের বিরুদ্ধে খেলবেন সঞ্জু? বড় ইঙ্গিত দিলেন দলের ব্যাটিং কোচ

জিম্বাবয়ের বিরুদ্ধে খেলবেন সঞ্জু? বড় ইঙ্গিত দিলেন দলের ব্যাটিং কোচ

Image

দেবজিৎ মুখার্জি: জিম্বাবয়ের বিরুদ্ধে কি খেলতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে? এই প্রশ্নের উত্তর দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। কী কারণে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে, তাও তিনি তুলে ধরেন। যদিও এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে এত দ্রুত কখনোই দল ঘোষণা করা হয় না তাঁদের তরফ থেকে। 

রাত পোহালেই জিম্বাবয়ের বিরুদ্ধে ‘মাস্ট উইন গেম’ সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার। এই ম্যাচ শুধু জিতলেই হবে না, বরং বড় ব্যবধানে জিততে হবে দলকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেভাবে লজ্জাজনক পরাজয়ের শিকার হতে হয়েছে গোটা দলকে, তারপর এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও এটাও নজরে থাকবে যে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার হাতে পরাজিত হয় কিনা। যদি সেটা না হয়, তাহলে রান রেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই কথা মাথায় রেখে যে দল বড় ব্যবধানে জয় পাওয়ার লক্ষ্যে নামবে আগামীকাল, তা বলাই বাহুল্য। 

তবে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে সঞ্জু স্যামসনকে আগামীকাল খেলানো হবে কিনা। সেই বিষয়ে জবাব দেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দলে। সঞ্জুর কথা ভাবা হচ্ছে।” এরপরই দলে বদলের কারণ তুলে ধরেন তিনি। সীতাংশু কোটাক বলেন, “দলের ব্যাটিং অর্ডারে প্রথম তিনজন ক্রিকেটারই বাঁহাতি। আর অফ স্পিনারদের দিয়ে বোলিং করা শুরু করছে বিপক্ষ দলগুলি। কিন্তু যেহেতু তিনটি ম্যাচেই আমরা প্রথম ওভারে উইকেটে হারিয়েছি, তাই বদলের  চিন্তাভাবনা চলছে।” তিনি পরিষ্কার করে দেন, “কখনোই আমাদের তরফ থেকে এত আগে দল ঘোষণা করা হয় না। তবে হ্যাঁ টিম ম্যানেজমেন্ট অবশ্যই পরিবর্তনের কথা ভাবছে।”

মঙ্গলবার দীর্ঘ সময় ধরে নেটে ব্যাটিং করেছেন সঞ্জু। সীতাংশু কোটাক যা ইঙ্গিত দিয়েছেন তাতে তাঁর খেলা মোটামুটি পাকা বৃহস্পতিবার এবং সেক্ষেত্রে বাদ পড়তে পারেন রিঙ্কু সিং চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দাগ কাটতে পারেননি বলে। তবে ওপেনিংয়ে কোনও পরিবর্তন করতে চায় না দল। সেক্ষেত্রে সঞ্জু নামতে পারেন তিন নম্বরে। সূর্য ও তিলক নামতে পারেন চার ও পাঁচ নম্বরে। তবে যদি সূর্য তিনে নামেন, তাহলে সঞ্জু নামতে পারেন চার বা পাঁচে। এবার দেখার বিষয় যে আগামীকাল তাঁকে খেলানো হয় কিনা। খেলালেও তিনি কেমন পারফর্ম করেন, সেদিকেই নজর থাকবে দেশের ক্রিকেটপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top