দেবজিৎ মুখার্জি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে, তাদের গ্রুপে, অনেকটাই পিছিয়ে পড়েছে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেমিফাইনালের লড়াইতে টিকে থাকতে হলে জিম্বাবয়েকে বড় ব্যবধানে পরাজিত করতে হবে তাদের। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত হতে হবে দক্ষিণ আফ্রিকার হাতে। কিন্তু যদি উল্টোটা হয় তাহলে রান রেটের বিষয়টা চাপে রাখবে দলকে। এক কথায় বলতে গেলে, এই মুহূর্তে চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে ভারতীয় শিবির।
এমন পরিস্থিতিতে চিন্তা আরো নেমে এসেছিল তাদের উপর। কী ঘটেছিল? এমনিতেই রিঙ্কু সিং বাড়ি ফিরে গিয়েছেন তাঁর বাবা হাসপাতালে ভর্তি বলে। অর্থাৎ একটা স্পেশালিস্ট ব্যাটার যে কম হয়ে গেল, তা না বললেও বোঝা যায়। তার উপর অনুশীলন করতে গিয়ে আঙুলে আঘাত পান দলের অন্যতম তারকা অলরাউন্ডার শিবম দুবে। যন্ত্রণায় কিছুক্ষণ তিনি ছটফট করছিলেন। যদিও সেই চোট গুরুতর নয়। তবে বিষয়টি কিছুক্ষণের জন্য চিন্তায় ফেলেছিল গোটা দলকে, তা বলাই বাহুল্য।
মঙ্গলবার সন্ধ্যা বেলায় অনুশীলন চলছিল টিম ইন্ডিয়ার। শিবম দুবে বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বল এসে তাঁর আঙ্গুলের ডগায় লেগে বাউন্ডারিতে চলে যায়। এই সংক্রান্ত যেই ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছিল আঙ্গুলের ডগায় লাগায় তিনি যন্ত্রণায় ছটফট করছিলেন। তবে দিনের শেষে স্বস্তির বিষয় এটাই যে চোট মারাত্মক কিছু নয়। কিন্তু যদি হতো, তাহলে ব্যাপক চিন্তার কারণ হয়ে দাঁড়াতো গোটা দলের জন্য।
এবার দেখার বিষয় যে জিম্বাবয়ের বিরুদ্ধে কেমন পারফর্ম করে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, প্রথম একাদশে কাদের জায়গা দেওয়া হয়, এই প্রশ্নও এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেট মহল থেকে শুরু করে সমস্ত ক্রিকেটপ্রেমীর মধ্যে। এমন মরণবাচন পরিস্থিতিতে দলের ক্রিকেটাররা কেমন পারফর্ম করেন, সেদিকেও নজর থাকবে সকলের। সেক্ষেত্রে দেখার যে বৃহস্পতিবার কি হয়।



By














