• Home
  • খেলা
  • “বুমরাহকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি” প্রোটিয়াদের বিরুদ্ধে পরাজয়ের কারণ তুলে ধরলেন কাইফ

“বুমরাহকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি” প্রোটিয়াদের বিরুদ্ধে পরাজয়ের কারণ তুলে ধরলেন কাইফ

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর শুরু হয়েছে দলের পারফরমেন্স থেকে শুরু করে প্লেইং স্ট্যাটিজি নিয়ে আলোচনা। এমন পরিস্থিতিতে দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন দলের প্রাক্তন তারকা ক্রিকেটার মহাম্মদ কাইফ। তাঁর মতে, দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে ঠিকভাবে ব্যবহার না করতে পারার কারণেই হেরেছে টিম ইন্ডিয়া। এর সঙ্গে প্রসঙ্গ টানেন রোহিত শর্মারও।

নিজের ইউটিউব চ্যানেল থেকে কাইফ বলেন, “আমরা ম্যাচটা হেরেছি সপ্তম থেকে ১৫ ওভারের মধ্যে। বুমরাহের দুটো ওভার আগেই করিয়ে ফেলা হয়েছিল। ডেথ ওভারের জন্য আরো দুটো ওভার রেখে দেওয়া উচিত ছিল।” এরপরই রোহিত শর্মার প্রসঙ্গ টেনে আনেন প্রাক্তন তারকা। তিনি বলেন, “কিন্তু রোহিত শর্মা এভাবে ওকে কোনদিনই ব্যবহার করত না।”

২০ রানে তিনটি উইকেট হারানোর পর মিলার ও ব্রেভিস বড় পার্টনারশিপ গড়েন এবং দলকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যায়। কাইফের মতে মাঝে একটি ওভার করানো উচিত ছিল বুমরাহকে দিয়ে। তাঁর বক্তব্য, “বুমরাহকে মাঝের ওভারে রোহিত আনতো উইকেট তোলার জন্য। কিন্তু এক্ষেত্রে অনেক পরে আনা হয়েছে। সুতরাং অনেকটা ফারাক হয়ে গিয়েছিল ওর দুটি স্পেলের মাঝে।” এর সঙ্গে বুমরাহের প্রশংসা করে তিনি বলেন, “ওর চেয়ে বড় ম্যাচ উইনার আর কেউ নেই এই দলে। ওকে বল করতে দেওয়া উচিত ছিল একটা ওভার পাওয়ারপ্লেতে। তারপর ওকে বোলিং দিতে হবে একাদশ বা দ্বাদশ ওভারে।”

উল্লেখ্য, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। দ্রুত তিনটি উইকেট হারায় তারা। তবে এরপরই একটি অসাধারণ পার্টনারশিপ গড়েন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। এরপর ঝড়ের গতিতে রান করেন ট্রিস্টান স্টাবস। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৭। সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন মিলার। এছাড়া ব্রেভিস করেন ৪৫ এবং স্টাবস অপরাজিত থাকেন ৪৪ রানে। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে তিনটি উইকেট পান বুমরাহ, দুটি আর্শদীপ এবং একটি করে বরুণ ও শিবম।

জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার শেষ হওয়ার আগেই ১১১ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের কোন ব্যাটারই ব্যাট হাতে তেমন দাগ কাটতে সফল হননি। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন শিবম দুবে। এছাড়া কেউই তেমন ভালো ইনিংস তুলে ধরতে সফল হননি। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান মার্কো ইয়ানসেন। এছাড়া তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন কেশব মহারাজ। দুটি উইকেট পান কর্বিন বশ এবং একটি এডেন মার্করাম। ব্যাট হাতে প্রভাবশালী ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় ডেভিড মিলারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top