• Home
  • খেলা
  • প্রোটিয়াদের ধন্যবাদ সঞ্জয়ের! সূর্যদের কটাক্ষ করে দিলেন তিন পরামর্শ

প্রোটিয়াদের ধন্যবাদ সঞ্জয়ের! সূর্যদের কটাক্ষ করে দিলেন তিন পরামর্শ

Image

দেবজিৎ মুখার্জি: ২৪ ঘন্টা হতে চলল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বড় ব্যবধানের পরাজয়ের, কিন্তু এখনো সেই ক্ষতটা যে টাটকা রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে, তা বলাই বাহুল্য। ৮ থেকে ৮০, কেউই সূর্যকুমার যাদবদের এই লজ্জাজনক পরাজয় মেনে নিতে পারছেন না। সকলেরই আশা ছিল যে প্রোটিয়াদের বিরুদ্ধে আলাদা মানের ক্রিকেট তুলে ধরবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। কিন্তু তা তো হয়নি, বরং যেটা আশা করা যায়নি সেটাই হয়েছে। এক কথায় বলতে গেলে, আগামী ম্যাচে জিতলে হয়তো এই হতাশাজনক পরাজয়টা ভুলতে পারবে টিম ইন্ডিয়ার সমর্থকেরা।

এই আবহে দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকার। কী বক্তব্য প্রাক্তন ক্রিকেটারের? নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এডেন মার্করামদের ধন্যবাদ জানান। শুধু তাই নয়, দলের ক্রিকেটারদের তিনটি পরামর্শও দেন সঞ্জয়। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগে কি পরিবর্তন দরকার,  তা তিনি তুলে ধরেন নিজের এই পোস্ট থেকে।

সঞ্জয় মাঞ্জারেকার লেখেন, “ধন্যবাদ দক্ষিণ আফ্রিকা! এখন আমরা বুঝতে পারছি কি করতে হবে পরবর্তী ধাপে।” এর সঙ্গে তিনি সেই তিন পরামর্শ তুলে ধরেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লেখেন, “স্পিনারদের বিরুদ্ধে যে ব্যাটার স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, তাকে উপরের দিকে নামাতে হবে। বেশি করে স্লোয়ার বলে অনুশীলন করাতে হবে তাঁদের যাঁরা থ্রো ডাউন করান।” দলের বোলিং বিভাগে কি পরিবর্তন আনতে হবে, তাও তিনি জানান। সঞ্জয় লিখেছেন, “যাতে আরো বেশি করে উইকেট নেওয়ার অপশন তৈরি হয়, তাই কুলদীপ যাদবকে নিতে হবে।” মনে করা হচ্ছে প্রোটিয়াদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি ‘মেন ইন ব্লু’কে কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত, দলের এই বিশ্রী  পারফরম্যান্সের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারও। ‘জিও স্টার’এ তিনি বলেছেন, “যদি আপনি দেখেন কিভাবে ব্রেভিস আর মিলার দক্ষিণ আফ্রিকার ইনিংস সারিয়াছে, তাহলে দেখবেন তারা ‘ভি’তে বেশি শট খেলেছে। বুদ্ধির সঙ্গে তারা বাউন্সারের মোকাবিলা করেছে কারণ তারা বুঝতে পেরেছিল যে বল তাড়াতাড়ি ব্যাটে আসছিল না। যেভাবে ওরা দুজনে খেলেছে, সেটা দরকার ছিল ভারতের।”

তিনি আরো বলেন, “কিন্তু ভারত সেটা করেনি। ওরা এসেই চালিয়ে খেলার চেষ্টা করেছে সব বলে বাউন্ডারির আশায়। এভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে না। বিপক্ষ দলের থেকে শেখা উচিত। তারা যদি ট্রিকি সার্ফেসে ভালো রান করে, তাহলে ইগো সরিয়ে পর্যবেক্ষণ ও অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু ভারতের ব্যাটিং বিভাগ তা করেনি। তারা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে নেমেছে এবং সব বলেই চালিয়ে খেলার চেষ্টা করেছে এবং আউট হয়েছে। পরিষ্কারভাবে দক্ষিণ আফ্রিকা বুদ্ধির সঙ্গে খেলেছে এবং ভারতকে হারিয়েছে এবং এই জয় ওদের প্রাপ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top