দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্যতম আলোচনার বিষয় রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পরাজয়। যেভাবে বড় ব্যবধানে সূর্যকুমার যাদবরা পরাজিত হয়েছেন, তা মেনে নিতে পারছেন না অনেকেই। সকলেই যে ভারতের জয় আশা করেছিলেন, তা বলাই বাহুল্য। কিন্তু হয় তার উল্টোটা। এক কথায় বলতে গেলে, প্রোটিয়াদের বিরুদ্ধে একেবারে হতাশাজনক পারফরমেন্স তুলে ধরা হয়েছে দলের ক্রিকেটারদের তরফ থেকে।
তবে ম্যাচের পর সূর্যকুমার যাদবদের তীব্র কটাক্ষ করলেন দলের প্রাক্তন তারকা স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই ব্যাপারে নিজের অবস্থান জানান। পরাজয়ের পর স্কাই যে ম্যাচ আপের কথা ভেবে অক্ষর প্যাটেলকে খেলাননি মন্তব্যটি করেছেন, তার তীব্র কটাক্ষ করেছেন। নিজের বক্তব্যে তিনি বুঝিয়ে দিলেন আইসিসি টুর্নামেন্ট ও আইপিএকীর মধ্যে পার্থক্য।
অশ্বিন বলেন, “আইপিএল রয়েছে ম্যাচ আপের জন্য। কিন্তু দল ধরে রাখা খুবই দরকার আইসিসি টুর্নামেন্ট খেলতে গেলে।” এর সঙ্গে অক্ষর প্যাটেলের গুরুত্বটাও বোঝান অশ্বিন। তাঁর বক্তব্য, “২০ ওভারের ক্রিকেটে অক্ষর কতটা গুরুত্বপূর্ণ, সেটা ভুলে গেলে চলবে না।” প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন অক্ষর প্যাটেল এবং দলকে স্কোরবোর্ডে লড়াকু টোটাল তুলতে সাহায্য করেছিলেন।
প্রসঙ্গত, রবিবার ম্যাচটি খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। দ্রুত তিনটি উইকেট হারায় তারা। তবে এরপরই একটি অসাধারণ পার্টনারশিপ গড়েন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। এরপর ঝড়ের গতিতে রান করেন ট্রিস্টান স্টাবস। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৭। সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন মিলার। এছাড়া ব্রেভিস করেন ৪৫ এবং স্টাবস অপরাজিত থাকেন ৪৪ রানে। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে তিনটি উইকেট পান বুমরাহ, দুটি আর্শদীপ এবং একটি করে বরুণ ও শিবম।
জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার শেষ হওয়ার আগেই ১১১ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের কোন ব্যাটারই ব্যাট হাতে তেমন দাগ কাটতে সফল হননি। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন শিবম দুবে। এছাড়া কেউই তেমন ভালো ইনিংস তুলে ধরতে সফল হননি। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান মার্কো ইয়ানসেন। এছাড়া তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন কেশব মহারাজ। দুটি উইকেট পান কর্বিন বশ এবং একটি এডেন মার্করাম। ব্যাট হাতে প্রভাবশালী ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় ডেভিড মিলারকে।



By













