দেবজিৎ মুখার্জি: বড় ধাক্কা টিম ইন্ডিয়ার! পরাজয় দিয়ে শুরু হলো তাদের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। রবিবার তারা পরাজিত হলো দক্ষিণ আফ্রিকার হাতে। বড় ব্যবধানে ম্যাচ জিতে সুপার এইট পর্ব শুরু হলো দক্ষিণ আফ্রিকার। ৭৬ রানে জিতেছে তারা। সৌজন্যে মিলার, ব্রেভিস ও স্টাবসের দুর্দান্ত ব্যাটিং। অন্যদিকে বল হাতে ভারতকে নাস্তানাবুদ করেছে মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ। ভারতের তরফ থেকে লড়াই দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তা কাজে আসেনি। সবমিলিয়ে, এক বিশ্রী পরাজয়ের সম্মুখীন হতে হল টিম ইন্ডিয়াকে।
রবিবার ম্যাচটি খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। দ্রুত তিনটি উইকেট হারায় তারা। তবে এরপরই একটি অসাধারণ পার্টনারশিপ গড়েন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। এরপর ঝড়ের গতিতে রান করেন ট্রিস্টান স্টাবস। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৭। সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন মিলার। এছাড়া ব্রেভিস করেন ৪৫ এবং স্টাবস অপরাজিত থাকেন ৪৪ রানে। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে তিনটি উইকেট পান বুমরাহ, দুটি আর্শদীপ এবং একটি করে বরুণ ও শিবম।
জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার শেষ হওয়ার আগেই ১১১ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের কোন ব্যাটারই ব্যাট হাতে তেমন দাগ কাটতে সফল হননি। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন শিবম দুবে। এছাড়া কেউই তেমন ভালো ইনিংস তুলে ধরতে সফল হননি। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান মার্কো ইয়ানসেন। এছাড়া তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন কেশব মহারাজ। দুটি উইকেট পান কর্বিন বশ এবং একটি এডেন মার্করাম। ব্যাট হাতে প্রভাবশালী ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় ডেভিড মিলারকে।



By













