• Home
  • খেলা
  • “দু’বছর আগে চাপ নেওয়া বন্ধ করেছি” খারাপ ফর্ম নিয়ে বললেন অভিষেক

“দু’বছর আগে চাপ নেওয়া বন্ধ করেছি” খারাপ ফর্ম নিয়ে বললেন অভিষেক

Image

দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণের মধ্যেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবেন সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা না বললেও চলে। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল এবং সেখানে পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে এনে ট্রফি নিজেদের নামে করেছিল ভারত। তাই সেই দৃষ্টিকোণ থেকে এবারও যে ম্যাচের আকর্ষণ অন্য মাত্রার থাকবে, তা বলাই বাহুল্য।

তবে এর মাঝেও টিম ইন্ডিয়ার তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে নানা কথা হচ্ছে গোটা ক্রিকেটমহলে। টুর্নামেন্টে ব্যাট হাতে তিনি রান পাননি। বিস্তারিতভাবে বলতে গেলে, এখনো পর্যন্ত তিনি খাতা খুলতে পারেননি। প্রত্যেকটি ম্যাচেই শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। দল তা নিয়ে চিন্তা না দেখালেও সমর্থকরা এই ব্যাপারে বেশ চিন্তিত। 

এর মাঝে স্টার স্পোর্টসের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে অভিষেক নিজের চলতি খারাপ ফর্ম নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, তিনি নিজের ব্যাটিং উপভোগ করেন। অভিষেক বলেন, “গত দুই বছর আগে আমি চাপ নেওয়া বন্ধ করে দিয়েছি কারণ আমি বুঝতে পেরেছি যে প্রসেসটা আমার হাতে।” তাঁর সংযোজন, “প্র্যাক্টিস আর ট্রেনিং আমার নিয়ন্ত্রণে এবং সেটার উপরই আমি নজর দিই। আমি উপভোগ করছি। তাই চাপ বলতে তেমন কিছু নেই।”

তরুণ তারকা ওপেনারের সাফ কথা, “ব্যাটাররা সর্বদাই আপস অ্যান্ড ডাউন্স দিয়ে যায়। কখনো তারা রান পায়, আবার কখনো পায় না। কিন্তু আমি ঠিক করেছি যে আমি একটা নির্দিষ্ট ইনটেন্ট নিয়ে একটা নির্দিষ্টভাবে খেলব। আমি সফল হতেও পারি বা নাও হতে পারি। কিন্তু আমার প্রসেস বা মাইন্ডসেট পাল্টাবে না।” এবার দেখার বিষয় যে সুপার এইট থেকে ফের জ্বলে ওঠেন কিনা অভিষেক। তিনি রান পান কিনা, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top