দেবজিৎ মুখার্জি: রাত পোহালেই চলতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবেন সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা না বললেও চলে। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল এবং সেখানে পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে এনে ট্রফি নিজেদের নামে করেছিল ভারত। তাই সেই দৃষ্টিকোণ থেকে এবারও যে ম্যাচের আকর্ষণ অন্য মাত্রার থাকবে, তা বলাই বাহুল্য।
কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাপে পড়ল ‘মেন ইন ব্লু’। কী সেই চাপ? আহত হলেন দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজ। শুক্রবার অনুশীলন চলাকালীন তিনি আঘাত পান। দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বল করছিলেন তিনি এবং সেই সময়ে পান্ডিয়ার শট লাগে তাঁর পায়ে এবং তিনি সাথে সাথে খুঁড়িয়ে চলা শুরু করেন।
যদিও সিরাজ ফিজিওর থেকে খানিকক্ষণ সেবা নেন এবং ফিরেও আসেন বোলিং করার জন্য। কিন্তু তিনি যে চাপে রয়েছেন, সেটা ভালো করেই বোঝা যাচ্ছিল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলেছেন সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এমনিতেই তাঁর প্লেয়িং একাদশে থাকার সম্ভাবনা কম। কারণ এমনিতেই দল একজন পাকা পেসারকে নিয়ে খেলছে। রবিবার দুজন পেসারকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে বুমরাহকে অন্য প্রান্ত থেকে সঙ্গ দিতে পারেন আর্শদ্বীপ সিং। তবে দুজনের মধ্যে যদি কেউ চোট পান, তাহলে সিরাজের খেলার কথা। তবে এবার সিরাজের খেলাও অনিশ্চিত।
প্রসঙ্গত, চোট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়াকে। এমনিতেই আঘাতের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন হর্শিত রানা। প্রথম ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি বুমরাহও। বিশ্বকাপের আগে ইনজিওর ছিলেন তিলক বর্মাও। অনেকে আবার এমনও দাবি করছেন যে অভিষেক শর্মাকে খেলানো হচ্ছে পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও। অর্থাৎ এই মুহূর্তে দলকে চোটের বিষয়টি চিন্তায় ফেলেছে। এবার তাতে যোগ হল সিরাজের নাম। সেক্ষেত্রে দেখার বিষয় যে এমন পরিস্থিতি কাটিয়ে উঠে কেমন পারফর্ম করেন দলের ক্রিকেটাররা।



By













